২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েট ছাত্রের লাশ উদ্ধার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থবর্ষের ছাত্র তানভীর হাসান নাদিমের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

খুলনা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থবর্ষের ছাত্র তানভীর হাসান নাদিমের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাদিম ঢাকার মিরপুর এলাকার ফরিদুর রহমানের ছেলে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের আমেনা কুটির নামে ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রেমঘটিত কারণে নাদিম আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। খানজাহান আলী থানার ওসি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম জানান, নাদিম প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে চলে যেতেন। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় বাড়িওয়ালার সন্দেহ হয়। তিনি একাধিকবার ঘরের দরজায় ধাক্কা দেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। বেলা পৌনে ১১ টায় তিনি আবারো ঘরের দরজায় ধাক্কা দেন। সে সময়ও কোনো সাড়া না পেয়ে তিনি আশপাশের লোকদেরকে বিষয়টি অবহিত করেন। তারা দরজা ভেঙ্গে নাদিমকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের উপস্থিতিতে নাদিমের লাশ নিচে নামায়। পুলিশ কর্মকর্তা আরো জানান, নাদিমের মোবাইলফোনে সকাল ৭ টা ৫৩ মিনিট পর্যন্ত রিংকু নামের এক মেয়ের মোবাইলফোন থেকে ৭৮টি মিসড কল আসে। এমনকি নাদিমের সঙ্গে সর্বশেষ কথাও হয় রিংকুর। এছাড়া নাদিমের পড়ার টেবিল থেকে তারা একটি চিরকুট উদ্ধার করেছেন। চিরকুটে লেখা রয়েছে ' আই লাভ ইউ রিংকু'। পুলিশের পক্ষ থেকে মোবাইলফোনে রিংকুর সঙ্গে কথা বললে তিনি নাদিমের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। রিংকু পুলিশকে জানিয়েছেন- নাদিমের পরীক্ষা চলছিলো। কিন্তু পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় তার ভেতর সব সময় হতাশা কাজ করতো। এই হতাশা থেকে সে আত্মহত্যা করতে পারে। প্রেমের কারণে নাদিম আত্মহত্যা করেননি বলে রিংকু দাবি করেছেন। কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. শিবেন্দ্র শেখর শিকদার জানান, বেলা ১১টার পর তারা নাদিমের আত্মহত্যার খবর পান। বিকালে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় খানজাহান আলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কাজী সাজ্জাদ হোসাইন জানান, নাদিম মেধাবী ও বিনয়ী ছিলো। পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকার কারণে নাদিম আত্মহত্যা করেছে এটি বিশ্বাস করতে কষ্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.