ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচনে ভোট সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় দুপুর ২টায়।
ডিন নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
এ নির্বাচনে আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষকরা নীল দল আর বিএনপি- জামায়াতপন্থী শিক্ষকরা সাদা দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নীল দল থেকে নয় অনুষদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
আইন অনুষদে নীল দল কোনো প্রার্থী দেয়নি। একই অনুষদে সাদা দলপন্থী দুইজন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নীল দলের আহ্বায়ক ড. আনোয়ার হোসেন বলেন, "আমাদের প্রার্থীরা নয়টি অনুষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।"
নীল দলের প্রার্থীরা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (অর্থনীতি বিভাগ), কলা অনুষদে অধ্যাপক আখতারুজ্জামান (ইসলামের ইতিহাস), বিজ্ঞান অনুষদে ইউসুফ আলী মোল্লা (রসায়ন), ব্যবসায় শিক্ষা অনুষদে মমতাজ উদ্দিন আহমদ (হিসাব বিজ্ঞান), জীববিজ্ঞান অনুষদে সহিদ আকতার হোসেন (মৃত্তিকা, পানি ও পরিবেশ), আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে নাসরিন আহমেদ (ভূগোল ও পরিবেশ), ইঞ্জিনিয়ারিং অনুষদে আহমেদ ইসমাইল মোস্তফা (ফলিত রসায়ন), ফার্মেসী অনুষদে অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার (ঔষুধ প্রযুক্তি) এবং চারুকলা অনুষদে অধ্যাপক ইমদাদুল হক মতলুব আলী (অংকন ও চিত্রায়ন)।
আইন অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক বোরহান উদ্দিন খান ও অধ্যাপক তসলিমা মনসুর।
অধ্যাপক তসলিমা মনসুরকে সাদা দল সমর্থন দিচ্ছে বলে এর আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন জানিয়েছেন।
অন্যদিকে অধ্যাপক বোরহান উদ্দিন খান স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অধ্যাপক সদরুল আমিন জানান, সাদা দলের অন্য নয়জন প্রার্থী হলেন সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক মোবাশ্বের মোনেম (লোক প্রশাসন বিভাগ), কলা অনুষদে অধ্যাপক সদরুল আমিন (ইংরেজি), বিজ্ঞান অনুষদে অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম (রসায়ন), ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ (ফিন্যান্স), জীববিজ্ঞান অনুষদে আবদুল আজিজ (উদ্ভিদ বিজ্ঞান), আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে অধ্যাপক শাহনাজ হক হোসেন (ভূগোল ও পরিবেশ), ইঞ্জিনিয়ারিং অনুষদে অধ্যাপক শাহিদা রফিক (ফলিত পদার্থ বিজ্ঞান), ফার্মেসী অনুষদে অধ্যাপক হাবিবুর রহমান (ঔষুধ প্রযুক্তি) এবং চারুকলা অনুষদে আবদুস সাত্তার (প্রাচ্যকলা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৩৭ ঘ.
bdnews24