২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ছাত্রদের ছাড়িয়ে নিলেন ঢাবি প্রক্টর

বাস ভাংচুরের ঘটনায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাংচুরের ঘটনায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করে পুলিশ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খানের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার দুপুর ১২টায় শিক্ষা ভবনের সামনে থেকে ফজলুল হক হলের ওই তিন ছাত্রকে আটক করে পুলিশ। এরা হলেন- মাইক্রোবায়োলজি বিভাগের রুবেল এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অলিউল্লাহ ও মাহের। এরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবেল ফার্মগেট থেকে বিকল্প পরিবহনের একটি বাসে উঠেন। তিনি হাইকোর্টের সামনে নামতে চাইলেও চালক তাকে না নামিয়ে প্রেসক্লাব পার হয়ে যায়। "রুবেল এর কারণ জানতে চাইলে চালক তার সঙ্গে দুর্ব্যবহার করে। রুবেল তার বন্ধুদের খবর দিলে ঢাবির ১৪/১৫জন ছাত্র এসে গাড়িটি ভাংচুর করে।" এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমআই/২১৩৫ ঘ.