ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন জমা নেওয়া স্থগিত করেছে যুক্তরাজ্য।
উত্তর ভারত ও নেপালের শিক্ষার্থী (স্টুডেন্ট) ভিসা প্রার্থীদের ক্ষেত্রেও নেওয়া হয়েছে একই পদক্ষেপ।
যুক্তরাজ্য বর্ডার এজেন্সির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি রোববার এ তথ্য জানিয়েছে।
স্টুডেন্ট ভিসা প্রত্যাশীর সংখ্যা অসংখ্য হয়ে যাওয়ায় যুক্তরাজ্য বর্ডার এজেন্সি এ সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছে, আবেদনকারীদের মধ্যে অনেকেই ভুয়া।
মূলত স্টুডেন্ট ভিসার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়া ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার স্যার রিচার্ড স্ট্যাগ বলেন, সুযোগের অপব্যবহার ঘটতে দেওয়া উচিত নয়।
বর্ডার এজেন্সির কর্মকর্তা জেরেমি ওপেনহেইম বিবিসিকে বলেন, আমরা প্রত্যেক শিক্ষার্থীর আবেদনপত্র খুঁটিয়ে দেখবো। যারা অবৈধ সুযোগ নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবিসি জানায়, গত বছরের শেষ তিন মাসে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যেতে আগ্রহী শুধু উত্তর ভারতের শিক্ষার্থীর সংখ্যাই ছিলো সাড়ে ১৩ হাজার।
তবে বর্ডার এজেন্সির কর্মকর্তারা আভাস দিয়েছেন, ফেব্র"য়ারির শেষ ভাগে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার বিষয়ে পরামর্শদানকারী ঢাকার একটি প্রতিষ্ঠানের পরিচালকও যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের এপ্রিলে দেশটিতে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের যাওয়ার সুবিধা করে ভিসা ব্যবস্থা সহজ করা হয়েছিলো।
আবেদনকারীকে এক বছরের পড়াশোনার খরচ এবং যুক্তরাজ্যে নিবন্ধিত কোনো কলেজ থেকে গ্রহণযোগ্যতার সনদ দেখালেই ভিসা পাওয়া যেত।
তবে এসব নিবন্ধিত কলেজের মধ্যে অসংখ্য কলেজ রয়েছে যেগুলো নির্ধারিত ফি-র বিনিময়ে ভিসা পাওয়ার সুবিধা দিতে গ্রহণযোগ্যতার সনদ দিয়ে আসছিল। এ কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠান 'ভিসা কলেজ' নামে পরিচিতি লাভ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভিসা পরামর্শক বলেন, যুক্তরাজ্য বর্ডার এজেন্সি এ ধরনের ৫০টির মতো কলেজের নিবন্ধন বাতিল করেছে। এতে আবেদনকারীর সংখ্যাও কমে আসবে।
তবে প্রকৃত আবেদনকারীরা যুক্তরাজ্য সরকারের এ সাময়িক নিষেধাজ্ঞার কারণে তেমন ক্ষতিগ্রস্ত হবেন না বলে মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৮৪০ ঘ.
bdnews24