ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্রদের সঙ্গে শুক্রবার পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র, পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
প্রক্টর ড. সেকেন্দার আলীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ এ খবর দিয়েছে।
উত্তেজিত ছাত্ররা ৬২টি গাড়ি ভাঙচুর করে। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে।
সংঘর্ষের কারণে ছুটির দিনে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা চরম ভোগান্তির শিকার হন। মেলায় আতংক ছড়িয়ে পড়ে। ছাত্ররা মেলার কয়েকটি স্টল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষের কারণ সম্পর্কে পুলিশ ও ছাত্ররা পরস্পরবিরোধী তথ্য দিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বাণিজ্য মেলায় আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে গেলে তাদের বাঁধা দেওয়া হয়। এ নিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। খবর পেয়ে আরো ছাত্র সেখানে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্র জানান, উত্তেজিত ছাত্ররা একপর্যায়ে মেলার দুই নম্বর গেটের সামনে গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ এসে তাদের লাঠিপেটা করে। তখন তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তখন ২৫/৩০ রাউন্ড রাবার বুলেট ও ১০/১২ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে।
সোহেল নামে শেকৃবির অপর এক ছাত্র জানান, একপর্যায়ে প্রক্টর ড. সেকেন্দার আলী ছাত্রদের থামাতে সামনে এগিয়ে আসলে পুলিশ তাকেও লাঠিপেটা করে। আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মেলার ১১১ নম্বর স্টল থেকে মূল্য পরিশোধ না করেই একটি ব্লেজার নিয়ে যেতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরই মেলার গেটের কাছে তারা কয়েকজন তরুণীকে উত্যক্ত করলে পুলিশ তাদের আটক করে।"
তিনি আরো জানান, খবর পেয়ে আরো ছাত্র এসে জড়ো হয় এবং মেলার গেটের সামনে ও রাস্তায় ব্যাপক গাড়ি ভাঙচুর করে। এ পর্যন্ত ৬২টি গাড়ি ভাঙচুরের রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া তারা একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার দিকে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও ৪/৫ রাউন্ড টিয়ার শেল ছোড়ে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ছাত্রদের ছোড়া ইটে ১০পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বিশ্ববিদ্যালয়টি ঘেরাও করে রাখে।
বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর আরেফিন আলী গভীর রাতে জানান, মেলায় ছাত্রদের সঙ্গে পুলিশের ঝামেলা হলে তারা কয়েকজনকে আটকে রাখে। পরে আবার ছেড়ে দেয়। কিন্তু ছাত্রদের মাঝে খবর ছড়িয়ে পড়ে যে পুলিশ একজনকে আটকে রেখেছে। এরপরই তারা গিয়ে ২/১টা গাড়ি ভাঙচুর করে। তখন পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ রাবার বুলেট আর টিয়ার শেল ছোড়ে।
তিনি অভিযোগ করেন, ছাত্রদের থামাতে প্রক্টরের সঙ্গে তিনিও ঘটনাস্থলে যান। কিন্তু পরিচয় দেওয়ার পরও পুলিশ প্রক্টর এবং তাকে লাঠিপেটা করে।
স
bdnews24