ইসলামী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনের এক নেতাকে আটক করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে প্রায় পাঁচ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা সড়ক অবরোধ রাখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা এবং আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী আলী মোর্তজা খসরুকে সকালে পুলিশ আটক করে। তিনি ঢাকা থেকে ফিরছিলেন।
খসরুর আটকের খবর ক্যাম্পাসে এলেই তার অনুসারীরা সকাল ৫টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক অবরোধ করে।
এতে সড়কের দুইপাশে প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির লাইন তৈরি হলে সকাল ১০টার দিকে পুলিশ লাঠিপেটা করে ছাত্রদের হটিয়ে দেয়। ওই সময় অন্তত ১৫ জন আহত হয় বলে ছাত্ররা জানায়।
এরপর ছাত্রলীগকর্মীরা ক্যাম্পাসে ঢুকে প্রক্টরের কার্যালয় ভাংচুর এবং প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয়।
অবরোধের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের বাসগুলো চলতে না পারায় কোনো বিভাগে নির্ধারিত ক্লাস ও পরীক্ষা হয়নি।
দুপুর ১টার দিকে উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন সঙ্কট নিরসনে ছাত্রদের নিয়ে বৈঠকে বসেছেন।
এদিকে খসরুকে আটকের কথা স্বীকার করলেও এর কারণ সাংবাদিকদের জানাতে রাজি হননি কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৯ ঘ.
bdnews24