ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব কেন্দ্র আসন্ন এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হবে সেগুলো বাতিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে মঙ্গলবার আয়োজিত 'শতভাগ নকলমুক্ত পরীক্ষা গ্রহণ' শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় ঢাকা বিভাগের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, "এবার এসএসসি পরীক্ষায় কাউকে নকল করতে দেওয়া হবে না। নকল করে যেসব পরীক্ষার্থী পাশ করতে চায়, তাদেরকে সে চিন্তা বাদ দিয়ে জোর প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে আসতে হবে।"
এ সময় তিনি সব কেন্দ্র সচিবকে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে নিজ নিজ এলাকার জনপ্রতিনিধি, কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের নিয়ে শিগগির সভা করার পরামর্শ দেন।
শিক্ষামন্ত্রী পরীক্ষার হলে কড়াকড়ি আরোপ করার পাশাপাশি নকল নিয়ে হলে না যাওয়া নিশ্চিত করতে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহবান জানান। এছাড়া প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন তিনি।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নুরুল হক প্রমুখ বক্তৃতা করেন।
এসএসসি পরীক্ষা আগামী ১১ ফেব্র"য়ারি শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/এসকে/২০৫৫ঘ.
bdnews24