ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা ধর্মঘটে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস না হলেও পরীক্ষা হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীরা সকালে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং পরিচয়পত্র দেখতে চায়। পরিচয়পত্র দেখাতে না পারায় কয়েকবার চেষ্টার পরও পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি।
এদিকে ধর্মঘটের প্রতিবাদে দুপুরে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে ছাত্রলীগ নেতারা ছাত্রদলের ডাকা এ ধর্মঘটকে 'অছাত্রদের ধর্মঘট' উল্লেখ করে বলেন, ছাত্ররা এ ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে ছাত্রদলকেও প্রত্যাখ্যান করবে।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বিভাগ ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি দেখেছেন, কিছু কিছু বিভাগে ক্লাস হয়েছে। তবে শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম।
পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুপুরে বলেন, "পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো বৃহস্পতিবার যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে।"
বৃহস্পতিবার ছিল ধর্মঘটের দ্বিতীয় তথা শেষ দিন। মঙ্গলবার ধর্মঘটেও ক্লাস ব্যাহত হয়।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের এ ধর্মঘটের সমালোচনা করেন।
সোমবারের সংঘর্ষের সময় ছাত্রলীগ প্রশাসনের মদদে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ওপর হামলা করেছে এ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুদিনের ধর্মঘট ডাকে ছাত্রদল।
সোমবার ছাত্রদলের পদপ্রাপ্ত ও 'পদবঞ্চিত' নেতা-কর্মীদের মধ্যে ওই সংঘর্ষের সময় ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের কর্মীদেরও সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানার ওসি, ছাত্রদলের সভাপতিসহ অন্তত ২০ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসকে/১৯৩৮ঘ.
bdnews24