২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের পদত্যাগ দাবি ও ধর্মঘট ডেকেছে ছাত্রদল

সংঘর্ষে ছাত্রদল সভাপতির আহত হওয়ার ঘটনায় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে উপাচার্যের পদত্যাগ দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ দিনের ধর্মঘট ডেকেছে ছাত্রদল। (ধর্মঘটের তারিখ বদলসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 02:59 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষে ছাত্রদল সভাপতির আহত হওয়ার ঘটনায় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে উপাচার্যের পদত্যাগ দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ দিনের ধর্মঘট ডেকেছে ছাত্রদল। সোমবার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এ কথা জানান। ছাত্রদলের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।" ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, এ ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র ধর্মঘট পালন করবেন। এছাড়া সোমবার সন্ধ্যায় বিএনপি কার্যালয়ের সামনে এবং মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রদল। লিখিত বক্তেব্যে আলিম বলেন, উপাচার্যের সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে 'প্রশাসন ও পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায়' বোমা,আগ্নেয়াস্ত্র ও অন্য অস্ত্রধারী ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের ওপর হামলা করে। এ ঘটনার জন্য তিনি ছাত্রলীগের সূর্যসেন হল সভাপতি সাঈদ মজুমদার, সাধারণ সম্পাদক জিয়াউল হক তুহিন, মুহসিন হল সভাপতি শেখ মো: আলী ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এবং জসীম উদ্দিন হল সভাপতি আব্দুর রহমান জীবনকে দায়ী করেন। তিনি দাবি করেন, "সৌজন্য সাক্ষাতের নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত না থেকে উপাচার্য প্রমাণ করেছেন তিনিও এ ঘটনার সাথে জড়িত।" তবে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে তার সঙ্গে ছাত্রদলের পূর্ব নির্ধারিত কোন বৈঠক বা সৌজন্য সাক্ষাত থাকার কথা অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে ছাত্রদলের 'বিদ্রোহের' ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করা হলেও ছাত্রদল সাধারণ সম্পাদক এর সত্যতা স্বীকার করেননি। পরে অন্য একটি প্রশ্নের জবাবে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি 'ছাত্রদলের ক্ষুদ্ধ নেতাকর্মী ও ছাত্রলীগের সমন্বয়ে' সংঘর্ষ হয়েছে বলে স্বীকার করেন। টুকুকে রক্ষা করতে গিয়ে প্রক্টর আহত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কেন 'ষড়যন্ত্রকারী' বলা হচ্ছে এ প্রশ্নের জবাবে আলিম বলেন, "প্রশাসন জড়িত না থাকলে টুকু আহত হতেন না।" 'বিদ্রোহী' গ্র"পের বক্তব্য বিকালে ডাকসু ভবনে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের বিদ্রোহী গ্র"প। এতে লিখিত বক্তব্য পড়েন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আহসান উদ্দিন খান শিপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ বাবু, এমরান হোসেন মানিক, মাহবুবুর রশীদ, নাসিমা আক্তার শিমু ও সুখী শেখর। বিদ্রোহী গ্র"পের নেতা আহসান উদ্দিন খান শিপন বলেন, "কাকডাকা ভোরে টুকু ও আলিম বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দখল নিতে আসে। খবর পেয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এদেরকে প্রতিহত করি।" টুকু ও আলিমকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'আজীবনের জন্য নিষিদ্ধ' ঘোষণা করেন তারা। সংগঠনে ত্যাগী ও অবদান রাখাদের বাদ দিয়ে এবং বহিস্কারের মাধ্যমে টুকু ও আলিম ছাত্রদলকে ধ্বংসের চক্রান্ত করছে মন্তব্য করেন তিনি। এর পেছনে সরকারি দলের মদদ রয়েছে বলেও দাবি করেন শিপন। অবিলম্বে টুকু-আলিম কমিটি বাতিল করে 'ত্যাগী' নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠন করতে তিনি বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৩০ঘ.