২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ৫

যশোর এমএম কলেজে বুধবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 01:10 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

যশোর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর এমএম কলেজে বুধবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ কলেজ চারদিন বন্ধ ঘোষণা করেছে। সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসের বাইরে শিবির নিয়ন্ত্রিত পাঁচটি ছাত্রাবাসে ভাংচুরও চালানো হয়। আহতদের মধ্যে শিবির কর্মী আবু ইসহক ও ইকবাল হোসেন এবং ছাত্রলীগের শাহীনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শিবিরের শফিকুল ইসলাম ও ইসমাইল হোসাইনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির কর্মীরা প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করায় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর চড়াও হয়। এতে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে তাদের কলেজ শাখার কর্মী শাহীন আহত হয়েছে বলে তিনি দাবি করেন। শিবিরের কলেজ শাখা সভাপতি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কয়েকজন ক্যাম্পাসের টেন্টে বসে গল্প করার সময় ছাত্রলীগ সমর্থকরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, ক্যাম্পাসের বাইরে শিবিরের নিয়ন্ত্রণাধীন বাহারাইন, হেকমা, মুন্না, সুমতি ও অহনা ছাত্রাবাসও ছাত্রলীগ কর্মীরা ভাংচুর করে। কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ বলেন, খবর পেয়ে ফোর্সসহ সেখানে গিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের কারণে বিকালে প্রশাসনের জরুরি সভায় ৭ থেকে ১০ জানুয়ারি পর্যন্তকলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.