২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রাবাসে বোমা বিস্ফোরণে আহত ৪

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসে রোববার বিকেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 12:35 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

রাজশাহী, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসে রোববার বিকেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এরা হলেন- পুরকৌশল বিভাগের চতুর্থ পর্বের মতিন ও ফিরোজ এবং শক্তিকৌশল বিভাগের হিমেল ও সাদ্দাম। গুরুতর আহত অবস্থায় মতিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ ও ছাত্রশিবির পরস্পরকে দায়ী করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া তিনটি বর্ষের শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশের দাবিতে অধ্যক্ষের কক্ষ ভাংচুর করার একদিনের মাথায় ছাত্রবাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ইনস্টিটিউটের শাহ্ নেয়ামতউল্লাহ ছাত্রাবাসের ২০২ নম্বর কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওসি বলেন, একটি 'পটকা' বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেছে। তবে প্রকৃত ঘটনা কি তা তদন্ত করা হচ্ছে। আহত ফিরোজ জানান, বাইরে থেকে ছাত্রশিবির কর্মীরা বোমা ছুড়ে মেরেছে। তবে শিবির দাবি করেছে, ছাত্রলীগ কর্মীরা বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্রলীগ এবং শিবির বিস্ফোরণের ঘটনায় পরস্পরকে দায়ী করে বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে। ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন দাবি করেন, ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড করতে শিবির পরিকল্পিতভাবে ওই কক্ষে ককটেল ছুড়ে মেরেছে। তিনি শিবির কর্মীদের গ্রেপ্তারের দাবি জানান। শিবিরের ইনস্টিটিউট শাখা সভাপতি এনামুল হক বলেন, ছাত্রলীগ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে শিবিরকে দোষারোপ করছে। সংঘাত এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জসিম উদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.