রাজশাহী, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার রাষ্ট্রপতি ও রুয়েট আচার্য মো. জিল্লুর রহমানের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রধান সিরাজুল করিম চৌধুরীকে চার বছরের জন্য রুয়েটের উপাচার্য নিয়োগ করা হয়।
তিনি রুয়েটের চতুর্থ উপাচার্য।
দায়িত্ব গ্রহণের পর সিরাজুল করিম রুয়েটকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে গড়ে তোলার জন্য সবার সহায়তা চান বলে সোমবার রুয়েটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিরাজুল করিম ১৯৭৫ সালে একই প্রতিষ্ঠান থেকে বিএসসি, ১৯৮৭ সালে জাপানের ওইতা বিশ্ববিদ্যালয় থেকে এমএস ও ১৯৮৯ সালে জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালের ৮ আগষ্ট তিনি এ প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগ দেন।
সিরাজুল করিম ১৯৫০ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জন্ম নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩০০ ঘ.
bdnews24