চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষককে হাতেনাতে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ওই শিক্ষকের নাম মো. ফয়েজ আহমেদ।
অবশ্য প্রভাষক ফয়েজ দাবি করেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নগরীর চট্টেশ্বরী রোডের কনকর্ড টাওয়ারের দশতলার একটি ফ্ল্যাট থেকে পাঁচ তরুণীসহ ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।
শুক্রবার তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানার ডায়রিতে ওই শিক্ষকের নাম-ঠিকানা নথিভুক্ত করা হয়েছে মো. ফয়েজ আহম্মেদ, পিতা মো. হাফিজ আহমেদ, বাড়ি- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার চন্দ্রপুর গ্রামে বলে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর ঠিকানা লেখা হয়েছে-মোহাম্মদপুর হাউজিং সোসাইটি, মুরাদপুর, পাঁচলাইশ।"
ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে শনিবার বিকালে যোগাযোগ করা হয় ফয়েজ আহমেদের সঙ্গে।
নিজেকে নির্দোষ দাবি করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এ ধরনের কোনো কার্যকলাপের সঙ্গে আমি যুক্ত নই।"
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান ফয়েজ।
গোয়েন্দা পুলিশ ও থানার রেকর্ডে তার নাম উল্লেখ থাকার বিষয়ে জানতে চওয়া হলে নিজেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক জোটের (হলুদ) সদস্য দাবি করে তিনি বলেন, "ষড়যন্ত্র করে কেউ আমার নাম ঠিকানা ব্যবহার করেছে। আমাকে সামাজিকভাবে হেয় করাই তাদের লক্ষ্য।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি জেনেছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ছাত্রীকে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. শাহ আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, "যা শুনেছি তা লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এএল/এইচএ/২২৫০ ঘ.
bdnews24