ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেছে বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ফলে প্রতিষ্ঠানটির ধানমন্ডি ক্যাম্পাসে ক্লাশ পরীক্ষা এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক আবুল হাসান এম সাদেক এর কুশপুত্তলিকা দাহ করে। ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষ আলোচনা করলেও কোনও সুরাহা হয়নি।
এর আগে গত ২৭ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পণ্ড হয়ে যায় বিশ্ববিদ্যালয়টির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠান শুরু করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই অনুষ্ঠান বর্জন করে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ কয়েকজন আমন্ত্রিত অতিথি অংশ নেননি।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র ছাত্র হাবিবুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাবর্তন অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার পর উপাচার্যের পদত্যাগ ও পুনরায় রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠান করার দাবিতে ধানমন্ডি ক্যাম্পাসে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। সেদিন থেকেই বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা।
ছাত্ররা জানায়, ঢাকায় বিশ্ববিদ্যালয়টির তিনটি ক্যাম্পাস ছাড়াও সারা দেশে 'দূর শিক্ষণ' এর জন্য আরও ৪৪টি ক্যাম্পাস রয়েছে। এ সব ক্যাম্পাসে নামমাত্র পড়াশোনা হয়। শুধু টাকা দিয়ে সার্টিফিকেট বিক্রি করা হয়।
ছাত্রদের অভিযোগ, দূর শিক্ষণের শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সনদ পেয়ে থাকে। তারা কোথাও চাকরির জন্য গেলে এশিয়ান বিশ্ববিদ্যালয়েরই মান নিয়ে প্রশ্ন তোলেন চাকরিদাতারা।
বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসের পরিচালক আবুল কালাম আজাদ রোববার বেলা দেড়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ভুত সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছি। অন্যান্য শিক্ষকরাও রয়েছেন।"
বিকেলে আলোচনা শেষে তিনি জানান, কোনও সমাধান ছাড়াই আলোচনা শেষ হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে ছাত্রদের ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে।
পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ-সুবিধা প্রদান, শিক্ষার মান বৃদ্ধি, গবেষণাগার সুবিধা প্রদান, বেতন ভাতা বৃদ্ধি না করাসহ বিভিন্ন দাবিতে গত এক বছরে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে। সর্বশেষ গত মে মাসে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেতন-ভাতা বাড়ানোর প্রতিবাদে আন্দোলন ও ক্যাম্পাসে ভাঙচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/এমআই/১৮২৫ ঘ.
bdnews24