২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে দুর্নীতি-অনিয়ম: অভিযোগ নেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ৮ বছরে প্রশাসনের বিরুদ্ধে কথিত প্রশাসনিক ও আর্থিক দুর্নীতি-অনিয়ম তদন্তে গঠিত কমিটির কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। গত শুক্রবার ছিল কমিটি দুটির কাছে লিখিতভাবে অভিযোগপত্র জমা দেওয়ার শেষ দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ৮ বছরে প্রশাসনের বিরুদ্ধে কথিত প্রশাসনিক ও আর্থিক দুর্নীতি-অনিয়ম তদন্তে গঠিত কমিটির কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। গত শুক্রবার ছিল কমিটি দুটির কাছে লিখিতভাবে অভিযোগপত্র জমা দেওয়ার শেষ দিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত মাসের প্রথম সপ্তাহে ২০০১ থেকে ২০০৯ সালের ২ জুলাই পর্যন্ত আট বছরে প্রশাসনের আর্থিক ও প্রশাসনিক (নিয়োগ, পদোন্নতি, ছাত্র-ছাত্রী ভর্তি) দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠন করে। উভয় কমিটিকে তাদের কাজের অগ্রগতির বিষয়ে ২ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। শনিবার প্রশাসনিক দুর্নীতি ও অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে কারও কোনও অভিযোগ থাকলে ১০ দিনের মধ্যে তা জানানোর অনুরোধ করেছিলাম। কিন্তু গতকাল (শুক্রবার) পর্যন্ত একটি অভিযোগও জমা পড়েনি।" অভিযোগপত্র জমা না পড়ার কারণ জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তদন্ত কাজ চলবে উল্লেখ করে তিনি জানান, আগামী মঙ্গলবার এ নিয়ে সভা ডাকা হয়েছে। আর্থিক অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত কমিটির প্রধান অধ্যাপক মো. আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটি হওয়ার পর একটি মাত্র সভা হয়েছে। এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, "তদন্ত কাজ চলছে।" এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আনু মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ করলেও কোনও কাজ না হওয়ার এক রকম শঙ্কা থাকায় এই বিষয়গুলো এখন আর কেউ গুরুত্ব সহকারে নেন না। তিনি বলেন, "বর্তমান প্রশাসনে যারা আছেন বিভিন্ন সময়ে তারা বিগত প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ সম্বলিত অনেক প্রচারপত্র বিলি করেছেন। কিন্তু এখন তারা চুপ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/২২০০ ঘ.