মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার প্রকাশ হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা হলো www.educationboardresults.gov.bd|
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
দুপুর ২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ২০০৯ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষার ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এর আগে শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন।
তবে দুপুর একটা থেকেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল জানা যাবে।
গত ১৬ এপ্রিল শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ১৮ হাজার ৩০৮ জন।
মোবাইল ফোনে সরাসরি ফল: গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাবরের মত এবারও মোবাইল ফোনে সরাসরি ফল জানার সুবিধা দিচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোনের গ্রাহকরা এ সুবিধায় ফল জানার পাশাপাশি বিষয়ভিত্তিক গ্রেডও জানতে পারবেন।
ফল প্রকাশ হওয়ার পর তা সরাসরি মোবাইলে পেতে আগেই রেজিস্ট্রেশন করতে হবে এভাবে: মেসেজ অপশনে গিয়ে REG লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে এসএমএস করতে হবে ২৩৩৩ নম্বরে। এভাবে একই সংযোগ থেকে অনেকগুলো নম্বরের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।
আর ফল প্রকাশ হওয়ামাত্র তাৎক্ষণিকভাবে তা জানতে, বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে এসএমএস করতে হবে ২৩৩৩ নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১০২২ ঘ.
bdnews24