রাজশাহী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবিতে রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিলসহ গিয়ে নগর ভবন ঘেরাও করে এবং মেয়রকে স্মারকলিপি দেয়।
এরপর অনুষ্ঠিত সমাবেশে ঘোষণা দেওয়া হয়, দাবি মানা না হলে ২৬ জুলাই থেকে শুরু হওয়া সব বোর্ড পরীক্ষা বয়কট করা হবে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে কয়েকটি কক্ষের দরজা-জানালা ও চেয়ার-টেবিল ভাঙচুর করে।
তাদের দাবিগুলো হল- অন্যান্য ডিপ্লোমাধারীর মতো সার্ভে ডিপ্লোমাধারীদেরও চাকরির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া, সার্ভে চূড়ান্ত পাশ করা সার্ভেয়ারকে চাকরিক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর একধাপ নিচের বেতন স্কেল দেওয়া, কানুনগো পদে শুধু সার্ভে ডিপ্লোমাধারীদের সরাসরি নিয়োগদান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে স্থানান্তর।
আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ছাত্র উন্নয়ন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্ভেয়াররা তিন ও চার বছর মেয়াদি ডিগ্রি অর্জন করলেও চাকরির ক্ষেত্রে সাধারণ ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হয়। এতে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
দীর্ঘ দিনেও দাবি আদায় না হওয়ায় উত্তেজিত শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে বলে জানান তিনি।
ইনস্টিটিউটের অধ্যক্ষ আনোয়ার জাহিদ বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে কোনো সহিংসতা সহ্য করা হবে না। তাদের দাবি সরকারকে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০০৫০ ঘ.
bdnews24