মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য-প্রযুক্তি, বৃত্তিমূলক শিক্ষা, নৈতিক শিক্ষাসহ জাগতিক কিছু বিষয় শিক্ষার অন্যান্য ধারার সঙ্গে অভিন্ন পাঠ্যসূচির মাধ্যমে বাধ্যতামূলকভাবে পড়তে হবে।
জাতীয় শিক্ষানীতি-২০০৯ এর খসড়ায় এ সুপারিশ করা হয়েছে।এতে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে আরও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষানীতি কমিটির কো-চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিক্ষানীতির একটি খসড়া তৈরির কথা জানান। তবে খসড়াটি চূড়ান্ত হবে ২১ জুলাই।
তিনি জানান, আগস্টের মধ্যেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
বর্তমানে মাদ্রাসার পাঠ্যসূচিতে ধর্মীয় (ইসলাম) শিক্ষার ওপর জোর দেওয়া হয়। সাধারণ শিক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা ও ইংরেজি দুইশ নম্বর করে পড়তে হলেও মাদ্রাসায় একশ' নম্বর করে পড়তে হয়।
খসড়া প্রতিবেদনে বলা হয়েছে,মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা যথাযথভাবে শেখানো হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনধারণ সংক্রান্ত ও বিভিন্ন জাগতিক কাজকর্মে পারদর্শী হয়ে ওঠা ও উৎকর্ষ সাধনের জন্য জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় যথার্থ জ্ঞান লাভ করতে হবে। এজন্য শিক্ষার অন্যান্য ধারার সঙ্গে মাদ্রাসা শিক্ষায় কিছু বিষয় অভিন্ন পাঠ্যসূচির মাধ্যমে পড়ানো হবে।
এর মধ্যে ইবতেদায়ি (প্রাথমিক স্তর) পর্যায়ে নৈতিক শিক্ষা, বাংলা, গণিত, বাংলাদেশ স্টাডিজ, জলবায়ু পরিবর্তনের ধারণা, পরিবেশ-পরিচিতি, তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান বিষয় পড়তে হবে। আলীম পর্যায়ে বাংলা, ইংরেজি, গণিত, তথ্য-প্রযুক্তি এবং বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলকভাবে পড়তে হবে।
অভিন্ন পাঠ্যসূচির মাধ্যমে কিছু পড়ানোর বিষয়ে আপত্তি না থাকলেও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিন্ন পাঠ্যসূচি নিয়ে আপত্তি নেই। তবে লেখা বা পড়ার সময় কিছু বিষয় যেমন স্কুলের ক্ষেত্রে ইংরেজিতে বলা হলো 'রহিম গোজ টু স্কুল', মাদ্রাসার ক্ষেত্রে তা হওয়া উচিত 'রহিম গোজ টু মাদ্রাসা'। গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদির পরিবর্তে মাদ্রাসায় বলতে হবে আসসালামু আলাইকুম, গডের পরিবর্তে আল্লাহ বলতে হবে।'
ধর্মীয় শিক্ষার বাইরে কিছু বিষয় মাদ্রাসার বর্তমান পাঠ্যসূচিতেও আছে বলে জানান তিনি।
শিক্ষা নীতি কমিটির খসড়ায় বলা হয়, ধর্মীয় শিক্ষা ছাড়া অন্যান্য বিষয়গুলোর মূল্যায়ন করবে মাধ্যমিক শিক্ষা বোর্ড ও কারিগরী শিক্ষা বোর্ড বা প্রস্তাবিত তথ্য-প্রযুক্তি, কারিগরি ও বৃত্তিমূলক কাউন্সিল। ধর্মীয় শিক্ষার মূল্যায়ন আগের মতো মাদ্রাসা বোর্ডের অধীনেই থাকবে।
বর্তমানে মাদ্রাসা শিক্ষার পুরোটাই মূল্যায়ন করে মাদ্রাসা বোর্ড।
সাধারণ শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষার মেয়াদও পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে খসড়া প্রতিবেদনে। ইবতেদায়ি (প্রাথমিক) স্তর হবে আট বছর মেয়াদি এবং আলিম স্তরকে চার বছর মেয়াদি। দাখিল স্তর ( বর্তমানের মাধ্যমিক) থাকবে না। ফাজিল ( ডিগ্রী) তিন বা চার বছর এবং কামিল ( মাস্টার্স) দুই বা এক বছর মেয়াদি।
বর্তমানে দেশে ইবতেদায়ী পাঁচ বছর, দাখিল স্তর পাঁচ বছর, আলিম দুই বছর এবং কামিল দুই বছর মেয়াদি।
সুপারিশের বিষয়ে মো. ইউসুফ বলেন, "এটি যেহেতু নীতিনির্ধারণী বিষয়, তাই এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।"
গত ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে লেখক ও বিজ্ঞানের শিক্ষক মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন। পরে কমিটিতে আরও দুইজন সদস্য যুক্ত করা হয়। বেশ কয়েকটি সভা করে কমিটি এ খসড়া প্রতিবেদন তৈরি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24