২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত হচ্ছে

জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী ধারাবাহিকভাবে বিভিন্ন স্তরের শিক্ষাব্যবস্থার জন্য কমিটির সুপারিশ তুলে ধরেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিক্ষা বিষয়ক প্রতিবেদক মোশতাক আহমেদ। দ্বিতীয় পর্বে থাকছে মাধ্যমিক স্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 07:25 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশম শ্রেণীর পর এসএসসি পরীক্ষা নয়, হবে বৃত্তি পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণী শেষে। আর মাধ্যমিক শিক্ষা স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। জাতীয় শিক্ষানীতি-২০০৯ এর খসড়ায় এ সুপারিশ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি কমিটির কো-চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষানীতির একটি খসড়া তৈরি করা হয়েছে। ৩ আগস্টের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও হয়ত আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। আগস্টের শেষ দিকে আমরা প্রতিবেদন জমা দেওয়ার আশা করছি।" বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তর হলেও এর মধ্যে তিনটি ভাগ রয়েছে। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিম্ন মাধ্যমিক, নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তর বলা হয়। খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শিক্ষা কাঠামোয় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হিসেবে বিবেচিত হবে। আর প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে প্রাথমিক স্তর। গত ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করেন। কমিটিতে লেখক ও বিজ্ঞানের শিক্ষক মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন। পরে কমিটিতে আরও দুইজন সদস্য যুক্ত করা হয়। বেশ কয়েকটি সভা করে কমিটি এ খসড়া প্রতিবেদন তৈরি করেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) সাধারণ সম্পাদক মুহাম্মদ ইনছান আলী দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তরে সুপারিশ করার বিষয়টিকে ইতিবাচক বলে মনে করছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি ভালো। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এক সঙ্গে পড়াশোনা হলে শিক্ষার্থীর মধ্যে পরিপক্কতা তৈরি হবে।" কমিটি উচ্চ বিদ্যালয়গুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণী সংযোজন এবং উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে নবম ও দশম শ্রেণী খোলার ব্যবস্থা করার সুপারিশ করেছে। উচ্চ বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের সুপারিশও করা হয়েছে। মাধ্যমিক স্তরে পরীক্ষা মূল্যায়নের বিষয়ে বলা হয়েছে, দশম শ্রেণী শেষে আন্তঃপরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী ক্লাসে প্রমোশন নির্ধারিত হবে। দশম শ্রেণীর শেষে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা থাকবে। দ্বাদশ শ্রেণী শেষে একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর নাম হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার মুল্যায়ন হবে বর্তমানে প্রচলিত গ্রেডিং পদ্ধতিতে। অর্থাৎ এ সুপারিশ বাস্তবায়িত হলে দশম শ্রেণীর পর এসএসসি পরীক্ষা হবে না। প্রাথমিকের মতো মাধ্যমিক স্তরের তিন ধারা অর্থাৎ সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা ধারায় কয়েকটি মৌলিক বিষয়ে অভিন্ন পাঠ্যসূচি বাধ্যতামূলক হিসেবে রাখার সুপারিশ করছে শিক্ষানীতি কমিটি। এসব বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত, তথ্য-প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষা। অবশ্য প্রত্যেক ধারায় সংশ্লিষ্ট আবশ্যিক ও ঐচ্ছিক বিভিন্ন বিষয় থাকবে। মাধ্যমিক স্তরের বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বাধ্যতামূলক করতে বলা হয়েছে প্রতিবেদনে। মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিষয়ে বলা হয়েছে, সরকারি কর্মকমিশনের অনুরূপ প্রস্তাবিত শিক্ষক নির্বাচনী কমিশন লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক প্রতি বছর নিয়োগ করবে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের কাজে যোগদানের আগে মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে। এতে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে ৬ থেকে ৭ বছরের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত হবে ১:৩০। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার মাধ্যম হবে বাংলা। বিদেশিদের জন্য যথাযথ অনুমোদন সাপেক্ষে ইংরেজি মাধ্যম চালু থাকবে, তবে সে ক্ষেত্রে সহজ বাংলা শিক্ষা দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৩৩০ ঘ.