২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন

দেশে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে ১৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে ১৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলীকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন শিক্ষাবিদ, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। কমিটিকে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ আগামী দুই মাসের মধ্যে মন্ত্রনালয়ে পেশ করতে বলা হয়েছে। বর্তমানে মাধ্যমিক স্তরের ইংরেজি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মান পর্যালোচনা, ইংরেজি প্রশিক্ষণ কর্মসূচির দুর্বলতা ও ইংরেজি শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধকতা চিহ্নিত করা, ইংরেজি শিক্ষার সার্বিক মানোন্নয়নে বর্তমান ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা ও সুপারিশমালা প্রণয়ন করবে এ কমিটি। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত ইংরেজি শিক্ষার জাতীয় একাডেমি প্রতিষ্ঠার রূপরেখা সম্পর্কেও এ কমিটি সুপারিশ পেশ করবে। কমিটির সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. ফজলুল রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক শাহীন কবীর, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( উন্নয়ন), যুগ্মসচিব (মাধ্যমিক), পরিকল্পনা বিভাগের প্রধান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ মো. শরীফুল ইসলাম, ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ইংরেজির শিক্ষক বেগম জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসএকিউএইপি'র প্রকল্প পরিচালক, টিকিউআই-এসইপি'র প্রকল্প পরিচালক, ধানমণ্ডি গভ: ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজির শিক্ষক মো. কামরুল ইসলাম। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা-এর ইএলটিআইপি'র প্রকল্প পরিচালক। কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৮২৯ ঘ.