চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ অর্থবছরের ৮৫ কোটি ১২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারও গবেষণা প্রকল্প খাতে বরাদ্দ মাত্র ৮ লাখ টাকা।
ফলে বিশ্ববিদ্যালয়ের মৃতপ্রায় গবষণা কার্যক্রম অর্থের অভাবে এ বছর আরও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এ বাজেটে এ খাতটি এতটাই অবহেলিত হয়েছে যে, গত ২০০৮-০৯ অর্থবছরের মূল বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন 'গবেষণা মঞ্জুরী' খাতে ২০ লাখ টাকা বরাদ্দ দিলেও এবারের বাজেটে সে খাত শূণ্য। অথচ বাজেটে উপাচার্যের বিশেষ ব্যয় বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক গবেষণা খাতের বরাদ্দ থেকে ২ লাখ টাকা বেশি। বাজেট বিবরণীতে উপাচার্যের এই বিশেষ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ এর সভাপতিত্বে সিনেটের ২১তম বার্ষিক সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহ্ম্মাদ শাহ আলম।
বাজেট ঘোষণার আগে উপাচার্য তার ভাষণে বলেন, বাজেট প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের কোনো স্বাধীনতা থাকেনা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন খাতওয়ারি যে পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে থাকে তার বাইরে কোনো অর্থ বরাদ্দের সুযোগ থাকেনা।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গবেষণা খাতে এবারের বরাদ্দ একদমই নামমাত্র। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে এই খাতটি বরাবরের মত এবারও গুরুত্ব পায়নি।
তিনি বলেন, এ বাজেটে গবেষণা খাতে এই অপ্রতুল বরাদ্দের কারণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম এক ধরনের হুমকির মুখেই পড়বে। তবে আমরা চেষ্টা করব সংশোধিত বাজেটে অভ্যনন্তরীণ আয় থেকে এ খাতে বরাদ্দ বাড়ানোর।
এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের ৯৭ কোটি ৬০লাখ টাকার চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ৭৪ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বাকি ১০ কোটি ৯৪ লাখ টাকা অভ্যন্তরীণ আয় ধরে মোট বাজেট ঘোষণা করা হয়।
প্রতিবারের মতো এবারও বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বেতন-ভাতা খাতে। এ খাতে বিশ্ববিদ্যালয়ের ৬৩ কোটি ৫৬ লাখ টাকা চাহিদার বিপরীতে ৫৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়, যা মোট বাজেটের ৬২ দশমিক ৩৮ শতাংশ।
এছাড়া পেনশন খাতে ১২ কোটি ৫০ লাখ, সাধারণ আনুষঙ্গিক ৮ কোটি ৮৮ লাখ, শিক্ষা আনুষঙ্গিক ৮ কোটি ৪৮ লাখ, মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন ১ কোটি ২৫ লাখ এবং সম্পদ সংগ্রহ ও ক্রয়ে ৯১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
##
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24