রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহিরাগত প্রবেশ ঠেকাতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় রাবি ক্যাম্পাসে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মনিটরিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহান প্রক্টর অফিসে ক্যামেরা নিয়ন্ত্রণ কক্ষে এর উদ্বোধন করেন।
১৩ মার্চ রাবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে শিবির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত এবং ক্যাম্পাস অনির্দিষ্টকাল বন্ধ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাস খোলার বিভিন্ন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাবিতে প্রথম সিসি ক্যামেরা স্থাপন করা হল। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রক্টর চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ্, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, রেজিস্ট্রার এমএ বারী, বিভিন্ন অনুষদের ডিন, প্রাক্তন প্রক্টর, হল প্রাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা ও সহকারী প্রক্টররাসহ রাবি প্রশাসনের উর্র্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী প্রক্টর মুসতাক আহমেদ বলেন, ক্যামেরাগুলো প্রক্টর কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও ভিডিও চিত্র ধারণ করবে। পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24