ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম, ভোট কারচুপি এবং শিক্ষক ও প্রার্থীদের লাঞ্ছনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদ।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক কামরুল আহসান চৌধুরী।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচনে ব্যাপক কারচুপি, সহস্রাধিক জাল ভোট প্রদান, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হাতে নির্বাচনের প্রার্থী ও শিক্ষক লাঞ্ছিত ও প্রার্থীদের সমর্থকদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষক ও সিনেটে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, ও পিআইবি' র সাবেক মহা পরিচালক রেজওয়ান সিদ্দিকী।
নির্বাচনের সম্পূর্ণ ভোট গ্রহণ শেষ হওয়ার একদিন পর এ ধরনের অভিযোগ এনে কেন নির্বাচন বয়কট করছেন- জানতে চাওয়া হলে তাজমেরী ইসলাম বলেন, ৭ জুন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তারা এসব অভিযোগ লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছেন।
সঠিকভাবে ভোট গণনা করা হলে তাদের প্যানেল বিপুলভাবে বিজয়ী হবে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি প্যানেলকে বিজয়ী করতে প্রশাসন দু'ঘন্টার ব্যবধান রেখে ভোট গণনা শুরু করে।
তাজমেরী ইসলাম জানান, দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অধ্যাপক আমিনুর রহমান মজুমদার বলেন, "১৯৯৯ সালের নির্বাচনেও এমনিভাবে কারচুপির আশ্রয় নেওয়া হয়েছিল। তারা ওই নির্বাচনের বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত তাদের পক্ষে রায় দেয়।"
এর আগে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট গণনা বুথে সূর্যসেন হলের এক ছাত্রলীগ কর্মী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পোলিং এজেন্ট সাজ্জাদুল কবির মুরাদের ব্যাজ ছিঁড়ে ফেলে। প্রতিবাদ করলে ছাত্রলীগ কর্মীরা পরিষদের প্রার্থী নেওয়াজ আলীকে লাঞ্ছিত করে। এর পর পরই জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রার্থী ও তাদের পোলিং এজেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ভোট গণনার বুথ ত্যাগের সিদ্ধান্ত নেন।
গত সোমবার এই নির্বাচনের তৃতীয় ও শেষ দফা ভোট গ্রহণ করা হয়। এর আগে গত ২৩ মে ঢাকার বাইরে ২৬টি কেন্দ্র এবং ৩১ মে ১৩টি কেন্দ্রে এই নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোট হয়।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন, "শান্তিপূর্ণভাবে প্রায় ৬০ শতাংশ ভোট গণণা শেষ হয়েছে। বিকেল পর্যন্ত ঢাকা কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এছাড়া এখনো ঢাকার বাইরের কেন্দ্রগুলির ভোট গণনা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/২১৪২ঘ.
bdnews24