২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রোকেয়ার কর্মকাণ্ডের ওপর আবিশ্যিক বিষয় চালুর দাবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিটি অনুষদে সাহিত্য এবং শিক্ষায় রোকেয়ার অবদানের ওপর একশ' নম্বরের আবশ্যিক বিষয় চালু করার দাবি জানিয়েছে বেগম রোকেয়া ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

রংপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিটি অনুষদে সাহিত্য এবং শিক্ষায় রোকেয়ার অবদানের ওপর একশ' নম্বরের আবশ্যিক বিষয় চালু করার দাবি জানিয়েছে বেগম রোকেয়া ফোরাম। রোববার দুপুরে রংপুর শহরের আইনজিবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ফোরাম এ দাবি জানায়। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল জলিল মিয়া ও রংপুরের জেলা প্রশাসক আব্দুল আহাদকে পৃথক স্মারকলিপি দিয়েছে ফোরাম। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য বলা হয়, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ছয়টি বিভাগে নজরুল স্টাডিজ বাধ্যতামূলক রাখা হয়েছে। সে আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও রোকেয়া ষ্টাডিজ চালু করা উচিত বলে মনে করে ফোরাম। এছাড়া বেগম রোকেয়ার গ্রন্থাবলীর নামে বিশ্ববিদ্যালয়ের হল, কমনরুম, মিলনায়তন, কালচারাল একাডেমি, গবেষণা সেলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করারও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়ে শোনান বেগম রোকেয়া ফোরামের সভাপতি শিক্ষাবিদ মারহামাতুন নেছা। এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি এম এ বাশার, পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন লুনা, সদস্য মোশফেকা রাজ্জাক, মোখলেছুর রহমান, মোফাখ্খারুল ইসলাম, কোহিনুর হীরা, অ্যাডভোকেট মনোয়ারা সুলতানা বীনু, সাঈদ সাহেদুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.