সিলেট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গতবছর সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল সবগুলো বোর্ডের মধ্যে সর্বনিু ৫৩ দশমিক ৮৮ শতাংশ। এবার আট শিক্ষাবোর্ডের মধ্যে সিলেটে পাসের হার সর্বোচ্চ ৭৮ দশমিক ৭১ শতাংশ।
এ বোর্ডে গতবারের চেয়ে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৬২৩ শিক্ষার্থী। এবার পেয়েছে ১৮৯৬ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দিন মঙ্গলবার দুপুরে ফল প্রকাশ করেন।
এবার ৩৭ হাজার ৪শ' ৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৯ হাজার ৪শ' ৪৩ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০৯ শতাংশ, মানবিক বিভাগে ৭৫ দশমিক ০১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৮১। বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৮শ' ৭০ জনের মধ্যে ৭ হাজার ৫শ' ৪৯ জন, মানবিক বিভাগে ২৫ হাজার ৮শ' ৪৩ জনের মধ্যে ১৯ হাজার ৩শ' ৮৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৯শ' ৯৫ জনের মধ্যে ২ হাজার ৫শ' ১০ জন পাস করেছে।
এবারও মেয়েদের তুলনায় ছেলেরা ভাল করেছে। ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭২ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ।
বোর্ডে সার্বিক ফলাফলের দিক থেকে এবারও প্রথম হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি হাইস্কুল।
জিপিএ-৫ এর দিক থেকে প্রথম হয়েছে ব্লু-বার্ড হাইস্কুল।
শুধু হবিগঞ্জের গঙ্গানগর হাইস্কুলে কেউ পাস করেনি।
জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণদের মধ্যে আছে- বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭শ' ৪৬ জন, মানবিক বিভাগে ৭৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দিন মঙ্গলবার দুপুরে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, "এবার সিলেট শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা ভাল করেছে। আশা করছি, সিলেট তার শিক্ষার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।"
মনির উদ্দিন জানান, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার হার বৃদ্ধির জন্য শিক্ষাবোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ভাল ফলাফলের জন্য তিনি ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।
সার্বিক ফলাফলে সেরা ১০: সিলেট শিক্ষাবোর্ডে সার্বিক ফলাফলের দিক দিয়ে এবার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সবকটিতে পাসের হার শতভাগ।
এ হিসেবে বোর্ডে প্রথম হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি হাইস্কুল। এই স্কুল থেকে ১১৫ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। দ্বিতীয় হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে অংশ নেয় ৬৩ জন।
তৃতীয় হয়েছে মৌলভীবাজার সদরের দ্য ফ্লাওয়ার্স কে.জি. অ্যান্ড হাইস্কুল। এই স্কুল থেকে ৫৪ জন অংশ নেয়। চতুর্থ হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এখানকার ৫০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে।
পঞ্চম স্থানে রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল। এ স্কুল থেকে ৫০ জন অংশ নেয়। ষষ্ঠ হয়েছে সিলেট নগরীর স্কলার্স হোম। এই প্রতিষ্ঠান থেকে ৪৩ জন অংশ নেয়।
সপ্তম স্থানে রয়েছে নবীগঞ্জ উপজেলার নাদামপুর হাইস্কুল। এই স্কুল থেকে ৪২ জন অংশ নেয়। অষ্টম হয়েছে মাধবপুর উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাইস্কুল। এখান থেকে অংশ নেয় ৩৯ জন।
শ্রীমঙ্গলের রাইফেল্স হাইস্কুল নবম স্থান অধিকার করেছে। এই স্কুল থেকে ৩৮ জন অংশ নেয়। ১০ম স্থান অধিকার করেছে বিশ্বনাথ উপজেলার একলিমিয়া দ্বিপাক্ষিক হাইস্কুল। এই স্কুল থেকে ৩৭ জন অংশ নেয়।
জিপিএ-৫ প্রাপ্ত সেরা ১০: জিপিএ-৫ এর ভিত্তিতে সিলেট বোর্ডে সেরা ১০ স্কুলের মধ্যে প্রথম হয়েছে ব্লু-বার্ড হাইস্কুল। স্কুলটির উত্তীর্ণ ১৮৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। দ্বিতীয় স্থান অধিকার করেছে সরকারি পাইলট হাইস্কুল। এই স্কুল থেকে উত্তীর্ণ ২৫৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন।
তৃতীয় স্থানে আছে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে উত্তীর্ণ ২৭৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। চতুর্থ স্থানে রয়েছে শাহজালাল জামেয়া ইসলামিয়া হাইস্কুল। উত্তীর্ণ ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন।
পঞ্চম স্থানে আছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুলের উত্তীর্ণ ১৪১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। ষষ্ঠ স্থানে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানের উত্তীর্ণ ৫০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।
সপ্তম স্থানে আছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। উত্তীর্ণ ১২৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। অষ্টম স্থানে আছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। উত্তীর্ণ ৬৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন।
নবম স্থানে আছে শ্রীমঙ্গলের দ্য বার্ডস রেসিডেন্সিয়াল মডেল হাইস্কুল। উত্তীর্ণ ১০৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। ১০ম স্থানে আছে সুনামগঞ্জের সতীশ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উত্তীর্ণ ১১১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24