ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক, যৌন হয়রানি, দুর্নীতিসহ সব সামাজিক ব্যাধি দূর করতে অগ্রণী ভূমিকা পালনে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ আহ্বান জানান।
উপাচার্য তার ভাষণে বলেন, "সভ্য সমাজে আরো অনেক আগেই যৌতুক ও যৌন হয়রানির মতো সামাজিক ব্যাধির নিষ্পত্তি হওয়া উচিত ছিল। যেহেতু এখনও তা বিদ্যমান তাই শিক্ষার্থীদেরই এগিয়ে যেতে হবে।"
তিনি আরো বলেন, দুর্নীতি বাংলাদেশকে কেন গ্রাস করছে, গণতন্ত্র কেন এগিয়ে যেতে পারছে না, সে বিষয়ে সবাইকে আত্মজিজ্ঞাসা করতে হবে। তাহলেই সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত বিশ্বে পড়াশোনার জন্য শিক্ষা ও গবেষণার উপযোগী পরিবেশ পেতে হলেও ইংরেজিতে দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগের প্রবীণ অধ্যাপক কে এম সা'দ উদ্দিন আহমেদ, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. জিনাত হুদা অহিদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩৫০ঘ.
bdnews24