২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত ফি ও মামলা প্রত্যাহারসহ এনএসইউ শিক্ষার্থীদের চার দাবি

বর্ধিত টিউশন ফি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ চারটি দাবি জানিয়েছে বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত টিউশন ফি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ চারটি দাবি জানিয়েছে বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকশ' শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে তাদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অভিভাবক ক্রীড়া সাংবাদিক আব্দুল হামিদ। গত ১০ মে টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ক্যাম্পাসে ভাঙচুর করে। এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন ছাত্র আহত হন। পরদিন সোমবার অজ্ঞাত কয়েকশ' শিক্ষার্থীকে আসামী করে পুলিশ ও ভবন মালিক বাদী হয়ে পৃথক দু'টি মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে উপস্থাপিত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবিগুলো হলো- বর্ধিত টিউশন ফি প্রত্যাহার, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া ও ভবিষ্যতে শিক্ষার্থীদের অধ্যয়নকালীন কোনও প্রকার ফি না বাড়ানো। আনুষ্ঠানিক এসব দাবি ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। তাদের অভিযোগ, উপাচার্য ও প্রক্টর অভিভাবক হয়েও শিক্ষার্থীদের নির্যাতনের মুখে ঠেলে দিয়েছেন। মূল চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নতুন সেমিস্টারে ভর্তি হবেন না বলে অনেক শিক্ষার্থী সাংবাদিকদের জানিয়েছেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে স্মারক লিপি দান এবং ১৩ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ কর্মসূচিও ঘোষণা করেছেন। একই সঙ্গে ১০ মে কে 'কালো দিবস' হিসেবে ঘোষণা করেন তারা। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়, চলতি বছরের ফেব্র"য়ারি মাসে একবার টিউশন ফি বাড়ানো হলেও ছাত্রদের দাবির মুখে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। ১০ ফেব্র"য়ারি এক লিখিত নোটিশে শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো হয়, বর্ধিত ফি শুধু যারা নতুন ভর্তি হবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপর সিপ্রং সেমিস্টার শেষে মধ্যবর্তী ছুটি চলার সময় গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সবার কাছ থেকে বর্ধিত ফি আদায় করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। ফি বাড়ানোর ফলে শিক্ষার্থীদের ব্যয় ১০ থেকে ২৫ ভাগ বেড়ে গেছে। ক্যাম্পাস উন্নয়ন কাজ শেষ হলেও ওই নামেই এখনও ৩৫০০ টাকা করে ফি নেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে অভিভাবক একেএম ফিরোজ আহমেদ বলেন, "এমনিতেই নর্থ-সাউথে সন্তান পড়ানো অনেক ব্যয়বহুল। ভর্তির সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বাজেট দিয়েছিল সেই হিসেবেই প্রত্যেক অভিভাবকের বাজেট রয়েছে। এখন এই দুর্মূল্যের বাজারে হঠাৎ করে ফি বৃদ্ধি কি ঠিক?" বিশ্ববিদ্যালয়ের বিবিএ ছাত্র আশফাক বলেন, প্রতি সেমিস্টারে মোট খরচ ৫৩ হাজার ৫শ' টাকা থেকে ৬০ হাজার টাকা হয়ে যাবে। এমনিতেই বিবিএ শেষ করতে শুধু ক্রেডিট বাবদ প্রায় পাঁচলাখ টাকা খরচ হয় জানিয়ে তিনি বলেন, এছাড়া ভর্তি ফি, ক্যাম্পাস উন্নয়ন ফিসহ অন্যান্য খাতে টাকা দিয়ে প্রায় ১০ লাখ টাকার বেশি লেগে যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সন্ধ্যায় লিখিত বক্তব্য দেবেন বলে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এজে/এসকে/১৭২৯ঘ.