ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ভর্তি ফি ও সেমিস্টার ফি বৃদ্ধির প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথ ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী রাজধানীর বনানীতে বিক্ষোভ করেছে।
গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার হুরুন অর রশীদ জানান, বনানী ক্যাম্পাসে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। তারা বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে রাখে। পরে তারা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে এবং দুপুরের পর শিক্ষকদের ভেতরে রেখে বাইরে তালা লাগিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশফাক আলম জানান, তাদের সেমিস্টার ফি ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১৩ হাজার টাকা করা হয়েছে। আর ভর্তি ফি বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
তিনি জানান, গত ফেব্র"য়ারি মাসে একবার ফি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন কর্তৃপক্ষ ফি না বাড়ানোর আশ্বাস দেয়। চলতি মাসে আবারও ফি বৃদ্ধির ঘোষণা আসে।
রোববার সকালে ছাত্ররা ফি দিতে এসে দেখে বর্ধিত হারে তাদের ফি দেওয়ার নির্দেশ রয়েছে। তখন তারা ফি দেওয়া বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এ পর্যায়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে দেড়ঘণ্টা সময় চায়। এর মধ্যে কর্তৃপক্ষ কোনও সমাধানে ব্যর্থ হলে সকাল সাড়ে ১০টার দিকে তারা রাস্তায় গিয়ে অবস্থান নেন। সকাল থেকে শুরু হওয়া আন্দোলন বিকাল পর্যন্ত চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জিএনএ/১৬৩০ ঘ.
bdnews24