২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেল কলেজ মঙ্গলবার খুলছে

রাজশাহী মেডিকেল কলেজ মঙ্গলবার (২৮ এপ্রিল) খুলে দেওয়া হবে। আগের দিনে খুলে দেওয়া হবে কলেজের ছাত্রাবাসগুলো। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ, সভা, প্রচারপত্র বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

রাজশাহী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মেডিকেল কলেজ মঙ্গলবার (২৮ এপ্রিল) খুলে দেওয়া হবে। আগের দিনে খুলে দেওয়া হবে কলেজের ছাত্রাবাসগুলো। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ, সভা, প্রচারপত্র বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ ডা. এবিএম আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে শিবির নেতা শরীফুজ্জামান নোমানী নিহত হন। এ ঘটনায় দুদিনের ব্যবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী সরকারি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে রাজশাহী সরকারি সিটি কলেজ ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ খুলে দেওয়া হয়েছে। ১৯ এপ্রিল রাজশাহী সার্কিট হাউস ও ক্যাম্পাসে অনুষ্ঠিত পৃথক সভায় ২৬ এপ্রিল রুয়েট এবং ৬ মে রাজশাহী কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান। রাজশাহী মেডিকেল কলেজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদেও রাজনৈতিক কোন বক্তব্য বা জমায়েত করা যাবে না। এছাড়া কলেজ খোলার পর শিক্ষার্থীদের পরিচয়পত্র এবং নিজের নিজের ছাত্রাবাসের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রোববার (২৬ এপ্রিল) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) খোলার পর নিরাপত্তার সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার রুয়েট প্রশাসনের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা হয়েছে। সভায় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বলা হয়, পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ, পোষ্টার ও লিফলেট লাগানো, ব্যানার টাঙানো এবং দেয়াল লিখন বন্ধ থাকবে। শনিবার আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব হলের ফটক বন্ধ থাকবে। এ সময়ে হল থেকে কোন ছাত্র-ছাত্রী বেরুতে কিংবা ঢুকতে পারবে না। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে খোলার আগের দিন পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে ছাত্র-ছাত্রীদের নিজেদের পরিচয়পত্র সব সময় সঙ্গে রাখার পরামর্শ দেওয় হয়েছে। রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুল বারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর হোসেন ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, রুয়েট ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. মর্ত্তুজা আলী, ছাত্রকল্যাণ পরিচালক ড. আশরাফুল আলমসহ সব হলের প্রভোষ্ট, নিরাপত্তা কমিটির সদস্যরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.