২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসায় ধর্মের পাশে অন্য শিক্ষাও নিতে হবে: নাহিদ

আনুষ্ঠানিকভাবে শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষানীতি কমিটি ঘোষণা দিয়ে বলেন, "নয়া শিক্ষানীতির আলোকে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য আধুনিক শিক্ষা পড়ানো হবে। একই সঙ্গে শিক্ষানীতির পর কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণে আনার বিষয়টি ঠিক করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আনুষ্ঠানিকভাবে শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষানীতি কমিটি ঘোষণা দিয়ে বলেন, "নয়া শিক্ষানীতির আলোকে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য আধুনিক শিক্ষা পড়ানো হবে। একই সঙ্গে শিক্ষানীতির পর কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণে আনার বিষয়টি ঠিক করা হবে।" জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে নয়া শিক্ষানীতি প্রণয়ন কমিটিতে জনপ্রিয় লেখক ও বিজ্ঞানের শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির নেতা ড. কাজী খলিকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য থাকছেন। তবে কমিটিতে সরকারি কলেজের কোনো শিক্ষক প্রতিনিধি না রাখায় ক্ষোভ প্রকাশ করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। কমিটি ঘোষণার সময় শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থানরত সমিতির সাধারণ সম্পাদক মাসুমে রব্বানী সাংবাদিকদের বলেন, "আমরা জানতে পেরেছি কমিটিতে আমাদের কোনো প্রতিনিধি নেই। অথচ আমরা সরকারি কলেজের লাখ লাখ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করি। তাই আমরা কমিটিতে আমাদের প্রতিনিধি রাখার দাবি জানাচ্ছি।" যেহেতু কমিটি গঠন হয়ে গেছে, এখন কিভাবে আপনাদের রাখা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "কমিটিতে সদস্য কো-অপট করার সুযোগ আছে। সে হিসেবেও আমাদের প্রতিনিধি রাখা সম্ভব।" এ সময় সমিতির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুনসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণাকালে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা পাঁচ বছর ধরে কোনো শিক্ষানীতি চর্চা করতে চাই না। এ বছরই যেন নতুন শিক্ষানীতি বাস্তবায়নের কাজ শুরু করতে পারি সেজন্য কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রথম বৈঠক থেকে তার সময় ধরা হবে।" তিনি জানান, কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের আলোকে আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে করা ড. শামসুল হক শিক্ষানীতিকেই 'যুগোপযোগী করে' নতুন একটি শিক্ষানীতি করা হবে। কবীর চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্যরা হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইতিহাসের শিক্ষক অধ্যাপক কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাদেকা হালিম, ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ফখরুল আলম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ) অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক জারিনা রহমান খান, কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সুত্রধর, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. সিরাজ উদ্দিন আহমেদ, মো. আবু হাফিজ, ঢাকা সরকারি আলীয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মওলানা অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান, সংবাদ লিমিটেডের পরিচালক নিহাদ কবির ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এমএ আউয়াল সিদ্দিকী। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক প্রশিক্ষণ শেখ একরামুল কবিরকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/১৮১০ ঘ.