মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিতব্য নয়া শিক্ষা নীতি প্রণয়ন কমিটিতে জনপ্রিয় লেখক ও বিজ্ঞানের শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির নেতা ড. কাজী খলিকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য থাকছেন। তবে কমিটি প্রয়োজনে আরও সদস্য কো-অপট (নির্ধারিত সদস্যের বাইরে সদস্য অন্তর্ভুক্ত করা) করতে পারবে।
সুপারিশ প্রণয়নে কমিটি সময় পাচ্ছে ৯০ দিন।
যে কোনো সময় কমিটি পরিপত্র আকারে জারি করা হবে জানিয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপ-সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবারই এটি পরিপত্র আকারে জারি হওয়ার কথা ছিলো। কিন্তু শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে না আসার কারণে সেটি সম্ভব হয়নি। বুধবার এটি পরিপত্র আকারে জারি করা হতে পারে।"
এর আগে সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দু'এক দিনের মধ্যেই নতুন শিক্ষা নীতি প্রণয়ন কমিটি গঠনের কথা জানা যাবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, তারা আর কোনো পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন না করার সিদ্ধান্ত নিয়েছেন। কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের আলোকে আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে করা ড. শামসুল হক শিক্ষা নীতিকেই 'যুগোপযোগী করে' নতুন একটি শিক্ষা নীতি করা হবে ।
এর আগের দিন রোববার বিকেলে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন শিক্ষানীতি প্রণয়নে একটি কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এতে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী কবীর চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত কমিটির সদস্যরা হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইতিহাসের শিক্ষক অধ্যাপক কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাদেকা হালিম, ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ফখরুল আলম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ) অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক জারিনা রহমান খান, কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সুত্রধর, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. সিরাজ উদ্দিন আহমেদ, মো. আবু হাফিজ, ঢাকা সরকারি আলীয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মওলানা অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান, সংবাদ লিমিটেডের পরিচালক নিহাদ কবির ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এমএ আউয়াল সিদ্দিকী।
কমিটিতে সদস্য সচিব করা হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক প্রশিক্ষণ) শেখ একরামুল কবিরকে।
কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের আলোকে ২০০০ সালে প্রণীত শিক্ষা নীতিকে (ড. শামসুল হক শিক্ষা নীতি) যুগোপযোগী করে করা হচ্ছে নতুন শিক্ষানীতি।
স্বাধীনতার আগে ও পরে একাধিক শিক্ষা কমিশন ও শিক্ষানীতি হলেও তা কখনো বাস্তবায়ন করা হয়নি। সর্বশেষ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হলেও সেটি বাস্তবায়িত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/এইচএ/১৬২৮ঘ.
bdnews24