২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত মাসেও ফল না দেওয়ায় ঢাবি'র রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের 'ধর্মঘট'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের কোর্স সমাপনী পরীক্ষার ফলাফল দীর্ঘ সাত মাসেও প্রকাশ না করায় শিক্ষার্থীরা বিভাগে তালা ঝুলিয়েছে। ফলাফল প্রকাশের জন্য তারা দুই দিন সময় বেঁধে দিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের কোর্স সমাপনী পরীক্ষার ফলাফল দীর্ঘ সাত মাসেও প্রকাশ না করায় শিক্ষার্থীরা বিভাগে তালা ঝুলিয়েছে। ফলাফল প্রকাশের জন্য তারা দুই দিন সময় বেঁধে দিয়েছে । গত বছরের ৩১ আগস্ট ওই পরীক্ষা শেষ হয়। রোববার দুপুরে ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের কার্যালয়, চেয়ারম্যানের কক্ষ এবং কলা ভবনের পেছনের ফটকে তালা ঝুলিয়ে দেয়। তারা বিভাগের সামনে অবস্থান ধর্মঘট করে। শিক্ষার্থীদের সঙ্গে একজন শিক্ষকও এ সময় একাত্মতা প্রকাশ করেন। বিভাগীয় সূত্রে জানা যায়, তৃতীয় বর্ষের ফলোন্নয়ন পরীক্ষার ফলাফলের জন্য ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। রোববার সকালে তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক গিয়াস উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, "ফলোন্নয়ন পরীক্ষার ফলাফল বাকী আছে। ওই ফলাফল পাওয়া গেলেই পরীক্ষার ফলাফল দেওয়া যাবে।" তৃতীয় বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতদিন পরীক্ষা কমিটি ফলোন্নয়ন পরীক্ষার নম্বরই চায়নি। জিন্নাত আরা নাজনীন রোববার বিকেলে উপ উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়ে বলেন, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সোমবার দুপুর ১২টার মধ্যেই ফলোন্নয়ন পরীক্ষার ফলাফল জমা দেওয়া হবে। তিনি বলেন, ফলোন্নয়ন পরীক্ষার ফলাফল জমা দিলেও ওই বর্ষের ফলাফল প্রকাশ করতে আরো দেরি হবে। কারণ আরো কিছু কাজ পরীক্ষা কমিটি এখনো শেষ করেনি। ফল প্রকাশে আরো চার-পাঁচদিন সময় লাগবে বলে তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এসকে/২৩৩২ঘ.