ঢাকা, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদার বিষয়ে তথ্য বস্তুনিষ্ঠভাবে নির্ধারণ না করা, দেরিতে বই ছাপা ও এক প্রতিষ্ঠানকে বেশি কাজ দেওয়াসহ আটটি কারণ পাঠ্য বই নিয়ে সঙ্কটের জন্য দায়ী বলে মনে করছে সরকার গঠিত জাতীয় বিশেষজ্ঞ কমিটি।
সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের মতো নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই সরবরাহসহ এগারোটি করণীয় প্রাথমিকভাবে নির্ধারণ করেছে কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার বিকেলে নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম) ও মাধ্যমিক (নবম থেকে দশম শ্রেণী) স্তরের শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যবই পাওয়া নিশ্চিত করার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির সভা হয়। সেখানেই এসব বিষয় উল্লেখ করেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।
তিনি বলেন, "কমিটি এরই মধ্যে দুটো সভায় মিলিত হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করেছে। এই খাতগুলো সমস্যায় জর্জরিত।"
একটি লিখিত পত্রে এসব সমস্যা ও করণীয়ের কথা উল্লেখ করেন তিনি ।
মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ের সঙ্কট নিরসনে গত ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানকে সভাপতি করে শিক্ষা মন্ত্রণালয় পনেরো সদস্যের এই কমিটি গঠন করে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
চিহ্নিত সমস্যার কথা উল্লেখ করতে গিয়ে আখতারুজ্জামান বলেন " জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের সংখ্যা বস্তুনিষ্ঠভাবে নির্ধারণ করে না। অনেক ক্ষেত্রে অনুমাননির্ভর একটি সংখ্যা নির্ধারণ করে বই ছাপানোর সিদ্ধান্ত নেয়।"
তিনি বলেন, কাগজ সংগ্রহ থেকে শুরু করে পুস্তক মুদ্রণ, সরবরাহ ও বাজারজাত করার ব্যাপারে সুস্পষ্ট কোন সময়সূচি নেই অর্থাৎ সময় ব্যবস্থাপনা স্পষ্টতই দুর্বল। বই ছাপানোর মূল কাজ শুরু হয় দেরিতে।
আখতারুজ্জামান জানান, দরপত্রের মাধ্যমে পুস্তক ছাপানোর কাজ বিভিন্ন মুদ্রণকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়। কিন্তু দরপত্রের শর্ত এমন যে একটি প্রতিষ্ঠান অনেক কাজ পেতে পারে। এক হিসেবে দেখা গেছে ২০০৯ সালে দরপত্রপ্রাপ্ত ২৯১টি মুদ্রণকারী প্রতিষ্ঠানের মধ্যে ১৮টি প্রতিষ্ঠানই প্রায় আশি ভাগ কাজ পেয়েছে।
তিনি বলেন, "দরপত্র প্রক্রিয়া, কাগজ সংগ্রহ ও বিতরণ, পুস্তক মুদ্রণ, সরবরাহ, বাজারজাতকরণ প্রভৃতি বিষয়ে নিয়মিত তদারকি, পরিদর্শন, প্রতিবেদন তৈরি ও মূল্যায়ন নেই বললে অত্যুক্তি হবে না।"
পাঠ্যপুস্তকের গুণগত মান ও কারিকুলামও 'খুবই দুঃখজনক ও হতাশাজনক' বলে মনে করেন আখতারুজ্জামান।
তিনি জানান, কমিটি যেসব বিষয় খতিয়ে দেখছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের মতো নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই সরবরাহ, অন্তত বিভাগীয় শহরগুলোতে পুস্তক মুদ্রণ, এনসিটিবি বা সরকারি ব্যবস্থাপনায় পুস্তক বাজারজাত করা, সারা বছরের কর্ম পরিকল্পনা তৈরি করে তা যথাযথভাবে অনুসরণ, বইয়ের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এনসিটিবিতে 'প্র"ফ রিডার্স সেল' প্রতিষ্ঠা এবং সংস্থাটির দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।
সভায় এসব বিষয়ে শিক্ষাবিদরাও তাদের মতামত তুলে ধরেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "বই ছাপার কাজ সারা বছর ধরে চলা দরকার। এছাড়া এনসিটিবিকে সত্যিকার অর্থে স্বায়ত্ত্ব
bdnews24