ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু-কিশোরদের দেশের প্রকৃত ইতিহাস জানাতে পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিভিন্ন সরকারের আমলে দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে- এই অভিযোগ এনে তিনি বলেন, "শিশু-কিশোরদের দেশের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে পাঠ্যপুস্তকে তার ৭ই মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হবে। যাতে তারা বিকৃত ইতিহাস নিয়ে বড় না হয়।"
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন।
জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট এ প্রতিযোগিতার আয়োজন করে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সাংস্কৃতিক সংগ্রামের ঐতিহ্য রয়েছে আমাদের। ইতিহাস বিকৃত যাতে না হয় সেজন্য সাংস্কৃতিক সংগ্রামও গড়ে তুলতে হবে।
তিনটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্র"পে 'যেমন খুশি তেমন আঁকো' বিভাগে প্রথম স্থান লাভ করে সিনথিয়া মোস্তফা। দ্বিতীয় স্থান লাভ করে রোবায়েত কাদের। আর তৃতীয় হয় পারহান খান অহন।
খ গ্র"পে 'মুক্তিযুদ্ধ, আমাদের লড়াই ও প্রিয় মাতৃভূমি' বিভাগে প্রথম হয় আবরার ফাহিম, দ্বিতীয় তাহমিদ ও তৃতীয় হয় তুহিন।
গ গ্র"পে 'বঙ্গবন্ধু ও প্রেক্ষাপট' বিভাগে প্রথম ফাতেমা আক্তার, দ্বিতীয় রিফাত আহমেদ এবং তৃতীয় হয় শুভদেব।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জঙ্গি হামলা মোকাবেলায় সকলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিটিভির মহা পরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, চিত্রাঙ্কন প্রতিযোগিতার জুরি বোর্ডের বিচারক সঞ্জীব দাস অপু ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৯৫০ঘ.
bdnews24