রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৯ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এসএম) হল থেকে বৃহস্পতিবার দুপুরে একটি পাইপগান এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
এসএম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফকির নজরুল ইসলাম জানান, দুপুরে পরিচ্ছন্নকর্মীরা হল পরিষ্কারের সময় হলের প্রধান ফটকের কাছে সিঁড়ির নীচে পাইপগান ও দুই রাউন্ড গুলি দেখতে পায়। বিষয়টি তারা বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশকে অবহিত করেন।
পরে পুলিশ এসে অস্ত্র ও গুলি মতিহার থানায় নিয়ে যায়।
প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএম হল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের পর সব আবাসিক হলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বিকেল পর্যন্ত কোন মামলা হয়নি।
গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী মারা যান। এর আগে ১১ মার্চ ছাত্রলীগের নেতার্মীদের ওপর হামলা চালায় শিবির।
রাতে শের-ই-বাংলা ফজলুল হক হলে শিবিরের অভ্যর্থনা কক্ষ (পশ্চিম-৬) থেকে দুই ব্যাগ লোহার রড ও চাপাতি এবং শাহ্ মখদুম হল, সৈয়দ আমীর আলী, আব্দুল লতিফ, শহীদ শামসুজ্জোহা এবং সোহরাওয়ার্দী হল থেকে লোহার রড, হকিস্টিক, চাপাতি, হাসুয়া ও লাঠিসোটা উদ্ধার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৩ ঘ.
bdnews24