ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে বৃহস্পতিবার বেসরকারি ঢাকা বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়িদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় স্থানীয় যুবকদের ধারালো অস্ত্রের কোপে আহত হন এক ছাত্র।
কলেজ অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ সংলগ্ন একটি খোলা জায়গায় স্থানীয় কিছু ব্যবসায়ি কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাছসহ কাঁচা শাক-সব্জির ব্যবসা করতেন।
তিনি জানান, তবে শিক্ষার্থীদের আসা-যাওয়ায় অসুবিধাধা হওয়ায় বাজারটি উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়িদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের আলোচনা চলছিল। কিন্তু ব্যবসায়িরা সাফ জানিয়ে দেন তারা ব্যবসা গুটিয়ে নেবেন না। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
তিনি জানান, এর জের ধরে শিক্ষার্থী ও ব্যবসায়িদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হয়। প্রায় এক ঘন্টা পর পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় যুবকদের ধারালো অস্ত্রের কোপে কলেজের এক শিক্ষার্থী আহত হন বলে তিনি জানান।
বারাকা হাসাপাতালের কর্মি শাহনাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারিকুল ইসলাম (২০) নামে বিজ্ঞান কলেজের এক ছাত্রকে দুপুর দেড়টার দিকে আহত অবস্থায় আনা হয়। যথাযথ চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার বাঁ পায়ের রগ কেটে গেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/১৭২৯ ঘ.
bdnews24