ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক পরীক্ষার্থীর ফলাফলে অনিয়মের থমকে যাওয়া তদন্ত আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষক রাজনীতির কারণে ওই তদন্ত থমকে যায় বলে অভিযোগ রয়েছে।
২০০৬ সালে ওই বিভাগের শিক্ষার্থী সুরাইয়া জাবিন মাহতাবের ফলাফলে অনিয়ম ধরা পড়ে। কিন্তু এরপর এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গত ১৫ ফেব্র"য়ারি সুরাইয়া মাহতাবের কারণে 'ক্ষতিগ্রস্ত' ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামালউদ্দিন এক আবেদন করলে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার উদ্যোগী হয়েছেন।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে সিন্ডিকেট বৈঠকে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হবে। বিষয়টি তদন্তাধীন।"
প্রশাসনিক সূত্র জানায়, ১৯৯৮ সালে ওই শিক্ষার্থী বিভাগের চাকরিতে যোগ দিয়েই কানাডা চলে যান। এরপর তিনি ২০০৬ সালে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে গেলে তার ফলাফল যাচাইয়ের জন্য ঢাবিতে পাঠানো হলে এ অনিয়ম ধরা পড়ে। কিন্তু তখনকার উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের 'নির্দেশে' তা বন্ধ হয়ে যায়।
অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ফলাফল যাচাইয়ের জন্য সবসময়ই চিঠি পাঠানো হয়। এটি প্রথমে উপাচার্যের কাছে পাঠানো হয়। এরপর পর্যায়ক্রমিকভাবে তা যাচাই করে পাঠানো হয়।"
অধ্যাপক হায়দার বলেন, নির্দিষ্টভাবে এ বিষয়টি তার 'মনে নেই।'
প্রশাসনিক ভবন সূত্র জানায়, অধ্যাপক ড. কামাল উদ্দিনের ওই আবেদনপত্রে বলা হয়েছে, সুরাইয়া জাবীন মাহতাব ১৯৮৯ সালের সম্মান পরীক্ষার ফল প্রকাশের তিন মাস আগে পুনঃভর্তি হন। কিন্তু তিনি ওই বর্ষের কোনো মিডটার্ম পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি। অথচ তার ১৯৯০ সালের ফল প্রকাশের সময় আগের বর্ষের সব মিডটার্ম পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ব্যবহারিক নম্বর বিধিবহির্ভূতভাবে দিয়ে তাকে প্রথম শ্রেণীতে প্রথম করা হয়।
অধ্যাপক কামাল উদ্দিন বলেছেন, এ কারণেই তিনি সেবছর প্রথম শ্রেণীতে প্রথম স্থানের পরিবর্তে দ্বিতীয় স্থান অধিকার করেন।
অধ্যাপক কামাল ওই আবেদনপত্রে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার 'প্রাপ্য স্থান' ফিরিয়ে দেওয়ার আবেদন জানান।
এ ব্যাপারে অধ্যাপক ড. কামাল উদ্দিনের কাছে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সুবিচার পাওয়ার আশায় এ আবেদন করেছেন। তিনি আর কিছু বলতে চাননি।
অধ্যাপক কামাল উদ্দিনের আবেদনের পর উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রাথমিক প্রতিবেদন চান। ২৮ ফেব্র"য়ারি পরীক্ষা নিয়ন্ত্রক এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষর করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগের ফল বাতিল না করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার বিষয়টিই এখানে বিবেচ্য।
এতে আরো বলা হয়েছে, উপ-উপাচার্যের দিক নির্দেশনা অনুযায়ী এবং পরীক্ষা নিয়ন্ত্রকের মৌখিক নির্দেশে এ বিষয়ে প্রশাসনিক উদ্যোগ কার্যক্রম বন্ধ রাখা হয়।
প্রতিবেদনে এ বিষয়ে শক্তিশালী তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো কিছু বলতে অস্বীকার করেন। তবে তিনি প্রাথমিক প্রতিবেদন দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, আগের ফল বাতিল না করে পরপর দু'বছর পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না।
সুরাইয়া জাবিন মাহতাব ১৯৮৫- ৮৬ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি ১৯৮৭ সালে দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পুনঃভর্তি হয়ে ৮৮ সালে আবার ২য় বর্ষের পরীক্ষা দেন। তিনি ১৯৮৯ সালে ৩য় বর্ষ পরীক্ষায় ৩য় শ্রেণীতে ত্রয়োদশ (সর্বশেষ) স্থান লাভ করেন। সুরাইয়া জাবিন পুনঃভর্তির মাধ্যমে আবার ৯০ সালে ৩য় বর্ষ সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বছর তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন।
সুরাইয়া জাবিন দু'বার পুনঃভর্তি হলেও আগের ফলাফল বাতিল করেননি। তিনি ২য় বার শুধুমাত্র সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করলেও ব্যবহারিক ও মিডটার্মের আগের সকল পরীক্ষার ফল তার পরবর্তী ফলে যোগ করা হয়। এ বিষয়টিও ২০০৬ সালে তদন্তের সময়কার নথিতে উল্লেখ করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, সব পুনঃভর্তির বিষয়েই একাডেমিক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু,ওই ছাত্রীর পুনঃভর্তির আবেদন অনুমোদন করেন হল প্রাধ্যক্ষ।
বিভাগীয় সূত্রে জানা যায়, সাদা দলের শিক্ষকদের মদদেই এক্ষেত্রে সকল নিয়মের ব্যতিক্রম করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৮২০ঘ.
bdnews24