জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল নির্মাণের জন্য জমা পড়া মাত্র একটি দরপত্রই গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
প্রচলিত নিয়ম অনুযায়ী কমপক্ষে তিনটি দরপত্র জমা না পড়লে তা গ্রহণ করা যাবে না। এর আগে তিন দফা দরপত্র আহ্বান করা হলেও দুইবার মাত্র একটি করে দরপত্র জমা পড়ায় তা গ্রহণ করা হয়নি।
দরপত্র গ্রহণ করার ব্যাপারে কেন্দ্রীয় দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন," দরপত্র সংক্রান্ত বিষয়ে সকল নিয়মকানুন বিস্তারিতভাবে দেখেশুনে বুঝলাম, জমা পড়া মাত্র একটি দরপত্র গ্রহণ করলে তাতে কোনো সমস্যা হবে না।"
এর আগে গত ৮ মার্চই কোষাধ্যক্ষ অধ্যাপক হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "নিয়ম অনুযায়ী কমপক্ষে তিনটি দরপত্র জমা না পড়লে গ্রহণের নিয়ম নেই।"
একমাত্র দরপত্রদাতা বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে কাজটি দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কিছু নেতা ও ও প্রকৌশল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা তদবির করেছেন বলে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন।
এর জন্য তাদের সঙ্গে প্রতিষ্ঠানটির ৭০ লাখ টাকার সমঝোতা হয়েছে বলে ওই নেতারা দাবি করেন।
দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি কোষাধ্যক্ষ অধ্যাপক হাই রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'হল নির্মাণের জন্য কর্তৃপক্ষ ব্যয় নির্ধারণ করেছে প্রায় ১০ কোটি ৫৫ লাখ টাকা। আর দরদাতা প্রতিষ্ঠান ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় ধরে দরপত্র জমা দিয়েছে। সে হিসেবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারণ করা ব্যয়ের সাথে প্রতিষ্ঠানটির ব্যয় খুবই সামঞ্জস্যপূর্ণ।'
এর আগের বার (তৃতীয়বার) জমা দেওয়া একমাত্র দরদাতা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যয়ের চেয়ে আড়াই কোটি টাকা বেশি ব্যয় দেখিয়ে জমা দিয়েছিল।
এবার সব বিষয় বিবেচনা করে দরদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে হল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বলে কোষাধ্যক্ষ জানান।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমিটির একজন সদস্য বলেন, "দরদাতা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যয়ের খুব কাছাকাছি ব্যয় নির্ধারণ করে জমা দেওয়ায় সন্দেহ হয় তারা কি আগেই প্রতিষ্ঠানটির নির্ধারিত ব্যয় সম্পর্কে জেনে গিয়েছিল। এ ব্যাপারে দরদাতা প্রতিষ্ঠানকে কেউ সহযোগিতা করেছে।"
বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝামাঝি স্থানে এ নতুন ছাত্র হল নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের ঠিকাদারির জন্য গত ৮ মার্চ দরপত্র বিক্রির শেষ তারিখ পর্যন্ত ১৩টি দরপত্র বিক্রি হয়। পরদিন দরপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল সাড়ে ৭টায় অফিস খোলা মাত্রই একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড দরপত্র জমা দেয়।
নির্মিতব্য হলটি বিশ্ববিদ্যালয়ের ১২তম হল।
দরপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আগে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকদিন ধরে ক্যাম্পাসে মহড়া দেয়। এ কারণে সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দরপত্র জমা দেওয়ার দিন ক্যাম্পাসের তিনটি স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সাম্প্রতিক অন্তর্কোন্দলের পেছনে হল নির্মাণের কাজ পাওয়ার বিষয়টি একটি প্রধান কারণ ছিল বলে অনেকে অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৮৩১ঘ.
bdnews24