রাজশহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী ছাত্র শিবির অভিযোগ করেছে, ২৫ ও ২৬ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা আড়াল করতেই সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটিয়েছে।
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এম রেজাউল করিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, "পিলখানা হত্যাযজ্ঞে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা বেরিয়ে এসেছে। এ থেকে দেশবাসীর দৃষ্টি অন্যদিকে সরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।"
লিখিত বিবৃতিতে তিনি বলেন, "ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহাতায় আজ (শুক্রবার) সকালে ছাত্রশিবির কর্মী এবং সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়েছে।
"তারা (ছাত্রলীগ কর্মীরা) বেশ কয়েকজন শিবির কর্মীকে জিম্মি করে তাদের উপর নির্যাতন চালিয়েছে।"
রেজাউল করিম অভিযোগ করেন, বারবার সাহায্য চাওয়া সত্বেও জিম্মি শিবির কর্মীদের রক্ষা করতে পুলিশ বা কর্তৃপক্ষ কেউ এগিয়ে আসেনি। রাবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুনের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্র"প রাবি শিবিরের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানীকে হত্যা করেছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নিতে সরকার ছাত্রলীগকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, "সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা সেই ষড়যন্ত্রেরই অংশ।"
ছাত্র শিবির শনিবার দেশশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এবং ১৬ থেকে ১৯ মার্চ প্রচারণা ও সভা করার ঘোষণা দিয়েছেন।
সরকার এই সময়ের মধ্যে নোমানীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুশিয়ার করে দেন।
বিডিনিউচজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/ডিডি/এইচএ/১৯৫৬ঘ.
bdnews24