২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কাঠামো নির্ধারণে নতুন আইন হচ্ছে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কাঠামো ও কার্যাবলী নির্ধারণে শিগগিরই নতুন আইন হচ্ছে। রোববার জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কাঠামো ও কার্যাবলী নির্ধারণে শিগগিরই নতুন আইন হচ্ছে। রোববার জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এ ব্যাপারে কমিটির সভাপতি সাংসদ রাশেদ খান মেননের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "যেহেতু তত্ত্বাবধায়ক সরকারেরর আমলে করা অধ্যাদেশটি নিস্ক্রিয় (লেপস) হয়ে গেছে। এবং নানা কারণে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে অচলাবস্থা দেখা দিয়েছে, তাই এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।" তথ্য বিবরণীতে বলা হয়, সভায় স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য ইতোপূর্বে জারি করা বিভিন্ন পরিপত্রের ভিত্তিতে গঠিত কমিটির বিভিন্ন রূপরেখা নিয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক রীতি-নীতি ও বর্তমান সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহারের আলোকে কমিটির রূপরেখা ও কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাংসদদের পরিবর্তে স্থানীয় জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধিদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি করা, নির্বাচনের পরিবর্তে মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে অভিভাবক প্রতিনিধি মনোনয়নসহ বিভিন্ন নতুন নিয়ম করে একটি অধ্যাদেশ করা হয়েছিল। এদিকে, কয়েকদিন আগে সংসদে উত্থাপিত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিলের ওপরও সভায় আলোচান হয়েছে। রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ মীর্জা আজম, বীরেন শিকদার, শেখ আব্দুল ওয়াহাব, মো. শাহআলম, মু. জিয়াউর রহমান, কাজী ফারুক কাদের উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এইচএ/২০৪০ঘ.