২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিট দখল নিয়ে সংঘর্ষ, ফরিদপুর মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা

ফরিদপুর মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের সিট দখল নিয়ে রোববার দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ফরিদপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের সিট দখল নিয়ে রোববার দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ অর্নিদিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। ছাত্রদের সন্ধ্যা ৬টা ও ছাত্রীদের সোমবার সকাল ৮টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর রফিকুল আক্তার জানান, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ মেনে ছাত্ররা ছাত্রাবাস ত্যাগ করেছে। ছাত্রীরা সোমবার সকালে ছাত্রাবাস ছেড়ে যাবে। ফরিদপুর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো জানান, তৃতীয় বর্ষের ১২ জন ছাত্রের নামে সিট বরাদ্দ দেওয়া হয়। ওই সিটগুলোতে ৪র্থ ও ৫ম বর্ষের ছাত্ররা থাকতেন। এনিয়ে দু'দল ছাত্রের মধ্যে মারামারি হয়। এর আগে দুপুরে অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে ছাত্রদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৭ দিনের মধ্যে বরাদ্দ সিটগুলো ছেড়ে দেওয়া হবে। কিন্তু বিকেলে বরাদ্দপ্রাপ্ত ছাত্ররা সিটের নিয়ন্ত্রণ নিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এসময় কিলঘুষিতে ৫ ছাত্র আহত হন। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৩৬ ঘ.