জান্নাতুল ফেরদৌস
বিডিনিউজ ২৪ ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- সারাটা দিন কেটেছে উদ্বেগ আর আতঙ্কে। স্বামী গুলিবিদ্ধ হয়েছে শুনেও দেখতে যেতে পারিনি। সময় যেন থমকে গিয়েছিল। কি হচ্ছে বাইরে, আমার স্বামী ভালো আছে তো- নানা প্রশ্ন মনে। বাইরে তখনো গোলাগুলির বিকট শব্দ।
বৃহস্পতিবার হলি ফ্যামিলি হাসপাতালে বিডিআরের উপ সহকারী পরিচালক কাদেরের স্ত্রী আয়েশা খাতুন এভাবেই তার উদ্বেগ আর আতঙ্কের কথা বললেন বিডিনিউজ ২৪ ডটকম প্রতিবেদক জান্নাতুল ফেরদৌসের কাছে।
শুধু আয়েশা নয় উৎকণ্ঠিত আরও বেশ ক'জন সেনা কর্মকর্তার স্বজনদের দেখা মিলেছে এই হলি ফ্যামিলি হাসপাতালে।
আয়েশা বলেন, "সকালে স্বামী দরবার হলে বৈঠকে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। সাড়ে দশটার দিকে এক প্রতিবেশীর কাছে খবর পাই স্বামী আহত হয়েছেন। আমাকে জানানো হয়, তাকে বিডিআর হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু, বাইরে প্রচন্ড গোলাগুলির কারণে স্বামীকে দেখতে হাসপাতালে যেতে পারেননি।"
ঘড়ির কাটায় তখন বেলা ১২টা। পাশের শয্যায় শুয়ে আছেন গুলিবিদ্ধ কাদের। স্বামীর চোখের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন। উৎকণ্ঠা নেই তবুও চোখেমুখে আতঙ্ক।
আবার বলতে শুরু করলেন আয়েশা।
"সারাদিন-রাত অভুক্ত ছিলাম। ছেলে মেয়েদের মুখে এক মুঠো খাবার দিতে পারিনি। চরম উৎকন্ঠায় সময় পার করেছি স্টোর রুমে বসেই। আর ভাবছিলাম কখন যেতে পারবো স্বামীকে দেখতে।"
রাত ১১ টার দিকে কাদেরকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকালে রেডক্রিসেন্টের উদ্ধারকারী দলের সঙ্গে তিনি পৌঁছেন হাসপাতালে।
কান্না জড়ানো কণ্ঠে বলেন, "বিপদে এক সঙ্গে থাকলে মনেও বল পাওয়া যায়। কিন্তু কাল দিনটা ছিল চরম দুঃসহ একটা দিন। আজ কিছুটা হলেও শান্তি পাচ্ছি।"
বুধবার বিডিআর সদর দপ্তরে আহত হওয়া ১৮ জন বিডিআর সদস্যকে রাতে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে ১৫ জনকে রাত সাড়ে নয়টায় বিডিআর হাসপাতাল থেকে ওই হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে আনা হয় আরও তিনজনকে। এর মধ্যে একজনকে বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের তত্ত্বাবধান করছেন প্রফেসর ডা. মনিরুজ্জামান ভূঁইয়া।
তিনি বলেন, "আহতদের সবাইকেই এখানে আনার পর সব ধরনের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুধু দু'জনের অবস্থা গুরুতর। তারা সিসিইউ ইউনিটে রয়েছেন।"
এদিকে বুধবারের ঘটনায় আহত হয়েছেন বিডিআর হাসপাতালের ডাক্তার ফারুকের স্ত্রী রুনা লায়লা। বাসার দরজা ছেদ করে আসা গুলিতে তিনি আহত হন।
রুনার দেবর লিটন জানান, সকাল সাড়ে দশটায় তিনি বাসায় গুলিবিদ্ধ হয়েছেন। এর প্রায় ঘণ্টা দেড়েক পর তাকে বিডিআর সদস্যরা হাসপাতালে নিয়ে যায়।
তিনি বলেন, "তারাই ভাবীকে দু'ব্যাগ রক্ত দিয়েছেন।"
সকালে আহতদের দেখতে স্বাস্থ্যমন্ত্রী এবং দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।
বিডিনিউজ ২৪ ডটকম/জেএফ/এএল/এইচএ/২২৪৬ ঘ.
bdnews24