২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী ও দিনাজপুর পলিটেকনিকে বিক্ষোভ-ভাঙচুর, আহত ৫০

পরীক্ষায় রেফার্ড পদ্ধতি বাতিলের দাবিতে পটুয়াখালী ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 10:35 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরীক্ষায় রেফার্ড পদ্ধতি বাতিলের দাবিতে পটুয়াখালী ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে। পটুয়াখালীতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষক ও ১০ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শিক্ষার্থীরা তিনটি বাস, পুলিশের দুটি পিকআপ এবং ২০টি দোকান ভাঙচুর করেছে। দিনাজপুরে ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভাঙচুর করলেও কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। এর আগে রোববার খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ করে। ওই দিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়। সোমবারও সেখানে বিক্ষোভ হয়েছে। ওইদিন সিলেট ও চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। সিলেটে বিক্ষোভকালে গাড়ি ভাঙচুরের ঘটনায় পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় অন্তত ৫০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি জানান, আহত শিক্ষক হলেন- বাবু সাহা। তবে আহত পুলিশসহ বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান হাবীব জানান, রেফার্ড পরীক্ষা সংক্রান্ত বোর্ডের জারিকৃত প্রবিধান বাতিলের দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল ১০ টার দিকে ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা এলাকায় পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ ছাত্ররা তিনটি যাত্রীবাহী বাস, পুলিশের দুটি পিকআপ ভ্যান ও ২০ টি দোকান ভাংচুর করে। ছাত্ররা পটুয়াখালী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। পরে দুপুর ১২ টায় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্ররা অবরোধ তুলে নেয়। দিনাজপুর প্রতিনিধি জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে জারি করা প্রবিধান-২০০৫ এর বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে দেখার পর ছাত্ররা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। সকাল ৯ টায় ছাত্ররা জড়ো হয়ে এ প্রবিধান বাতিলসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করতে থাকে। এক পর্যায়ে তারা প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে। দুপুর ১২ টার দিকে ক্যাম্পাস থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ক্যাম্পাসে ফিরে ছাত্ররা অধ্যক্ষের বাসভবন ও প্রশাসনিক ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর দুপুর আড়াইটার তারা অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দেয়। অধ্যক্ষ দাবির বিষয়টি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আশ্বাস দেওয়ার পর ছাত্ররা শান্ত হয়। ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র লিপন চন্দ্র দাস (মেকানিক্যাল) দ্বিতীয় বর্ষের ছাত্র তুরিন (আর্কিটেক্ট) সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অধ্যক্ষের অসহযোগিতামূলক মনোভাবের কারণে ছাত্ররা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা দাবি-দাওয়া নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কার্যালয় থেকে চলে যান। অধ্যক্ষ সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক মাস আগে পরীক্ষার ভুলে ভরা ফলাফলের কারণে ছাত্ররা বিক্ষুদ্ধ হয়েছে। এর সঙ্গে ইনস্টিটিউটের কোন সম্পর্ক নেই। কারিগরি শিক্ষা বোর্ড এর জন্য দায়ী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২৫ ঘ.