২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাণ্ডারী সৃষ্টির প্রয়াসে নিবেদিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়: আবেদ

সৃজনশীল ও নীতিবান নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ বলেছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেই ভবিষ্যৎ নেতৃত্বের কাণ্ডারীদের সৃষ্টির প্রয়াসে নিবেদিত। বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৃজনশীল ও নীতিবান নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ বলেছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেই ভবিষ্যৎ নেতৃত্বের কাণ্ডারীদের সৃষ্টির প্রয়াসে নিবেদিত। বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালনরত ফজলে হাসান আবেদ অনুষ্ঠানে বলেন, "ব্র্যাক প্রতিষ্ঠার ৩৭ বছর পার হতে চলল; চলার পথে দারিদ্র্য বিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নে বিভিন্ন প্রকল্পে আমরা লক্ষ্য করেছি, দারিদ্র্য থাকা সত্ত্বেও মানুষের দক্ষতা অনেক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আনয়ন করে।" তিনি বলেন, "আমাদের সমাজে এখন সৃজনশীল ও নীতিবান নেতৃত্বের প্রয়োজন। ব্র্যাক ইউনিভার্সিটি সেই ভবিষ্যৎ নেতৃত্বের কাণ্ডারীদের সৃষ্টির প্রয়াসে নিবেদিত।" ব্যাপক আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভলপমেন্ট ম্যানেজমেন্ট (বিসিডিএম) চত্বরে এ সমাবর্তন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, অনুষদ সদস্যবৃন্দ, রাষ্ট্রদূত ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সমাবর্তনে মোট ৫৫৩ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এর মধ্যে ৩৬২ জন স্নাতক এবং ১৯১ জন স্নাতকোত্তর সনদ গ্রহণ করেন। শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক এএফ সালাহউদ্দিন আহমেদ এ সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথিও ছিলেন তিনি। সমাবর্তনে সমাবর্তন বক্তা আমেরিকার ম্যাকেঞ্জি অ্যান্ড কোম্পানির সাবেক প্রধান নির্বাহী রজত কে গুপ্ত বলেন "স্বাস্থ্য সেবায় ব্র্র্যাকের অবদানের কথা আমি জানি।" একইসঙ্গে তিনি বলেন," ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা মান ও উচ্চ শিক্ষা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।" প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সালাউদ্দিন বলেন, "ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য সেবা, দারিদ্র্য দূরীকরণ ছাড়াও ব্র্যাক মানসম্মত শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। এই আলোকে প্রতিষ্ঠিত হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি- যা বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাকের একটি অনবদ্য পদক্ষেপ। " অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, "আমাদের যাত্রা শুরু হয়েছিল ৮ বছর আগে। এর মধ্যে প্রায় ৩০০০ শিক্ষার্থী এই ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে। আমরা ভাষাগত জ্ঞানের দিকে জোর দিচ্ছি, তাই বাংলা, ইংরেজি ছাড়াও আমাদের সেন্টার ফর ল্যাংগুয়েজ-এ চাইনিজ ভাষা অর্ন্তভুক্ত করা হয়েছে।" সদ্য স্নাতকদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা ইতোমধ্যে তোমাদের দক্ষতা দ্বারা দেশে ও বিদেশে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছ। আশা করি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে- যা ভবিষ্যতে তোমাদের একেক জনকে যোগ্য নেতৃত্ব দিতে সহায়তা করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/জিএনএ/১৩৫৬ ঘ.