জবি, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১২টি হল দ্রুত পুনরুদ্ধারসহ আট দফা দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টায় তিনশর বেশি শিক্ষার্থী 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল পুনরুদ্ধার ও ছাত্র অধিকার রক্ষা আন্দোলন এর ব্যানারে মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শহীদ মিনারের পাদদেশে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন গত ২৭ জানুয়ারি হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে। ছাত্র-ছাত্রীদের যৌক্তিক ও অধিকার সংশ্লিষ্ট আন্দোলনকে স্তিমিত করার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে মন্তব্য করে তারা বলেন, হল উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা আট দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে: অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা,বেদখল হল পুনরুদ্ধারসহ নতুন হল নির্মাণ,শিক্ষার্থীদের বিরুদ্ধে 'হয়রানিমূলক মিথ্যা' মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের ২৭ (৪) ধারা সংশোধন, পর্যাপ্ত পরিবহন সুবিধার ব্যবস্থা করা, বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখা ক্যাম্পাস থেকে স্থানান্তর, লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করা এবং শারীরিক ও মানসিক নির্যাতন বিরোধী নীতিমালা প্রণয়ন।
হল পুনরুদ্ধার আন্দোলনকে এগিয়ে নিতে শিক্ষার্থীরা ২৫ সদস্যের একটি কমিটিও গঠন করেছেন।
ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী ৫ ফেব্র"য়ারি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৫৫৩ঘ.
bdnews24