কুমিল্লা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তিন মাস বন্ধ থাকার পর রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলছে। তবে শনিবার আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়।
১৮ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় আগামী ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এবং ২৬ ডিসেম্বর হল খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের কয়েকটি নির্দেশ মেনে চলতে হবে বলে শনিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু জাফর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আগামী ছয় মাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক বা অন্য কোনো সংগঠনের নামে মিছিল বা সভা করা যাবে না। কোনো প্রকার ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন লাগানো যাবে না।
বিনা অনুমতিতে কোনো বহিরাগত হলে বা ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না। ক্যাম্পাসে কোনো প্রকার মোটরসাইকেল বা গাড়ি নিয়ে চলাচল করা যাবে না। সকল ছাত্রছাত্রীকে পরিচয়পত্র বা পে-স্লিপ বহন করে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না।
প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রক্টর ড. আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ভর্তির সময় যে অঙ্গীকারনামা করা হয় তা সম্পূর্ণ মেনে চলতে হবে। ক্যাম্পাস সম্পূর্ণ ধূমপান ও রাজনীতি মুক্ত হবে।
কারো কোনো অভিযোগ থাকলে তা প্রক্টোরকে জানানোর কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24