২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

বন্ধ ঘোষণার পর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যাণ্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মঙ্গলবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তার ক্যাম্পাসের বাসভবনে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 06:26 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ ঘোষণার পর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যাণ্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মঙ্গলবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তার ক্যাম্পাসের বাসভবনে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ কর্মীরা। রাতে ছাত্রলীগ নেতারা বলেছেন, উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ পদত্যাগ না করা পর্যন্ত তারা অবরোধ অব্যাহত রাখবে। সোমবার বিকেলে সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং রাতের মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ছাত্রলীগ ও 'সাধারণ ছাত্রছাত্রী পরিষদ'এর ব্যানারে কিছু শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে। এরই অংশ হিসেবে রোববার থেকে তারা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডাকে। শিক্ষক নিয়োগে যোগ্যতার মাপকাঠি পুনঃর্নিধারণ, ইন্টার্নশিপ ভাতা বাড়ানো, শিক্ষক-কর্মকর্তা নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ, ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণ, নারী হলে ক্যান্টিন চালু, মাস্টারদা সূর্যসেন ও বীরকন্যা প্রীতিলতার নামে দুটি হলের নামকরণ ও উপাচার্যের পদত্যাগসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাতের মধ্যেই হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও মঙ্গলবার রাত পর্যন্ত ২৫/৩০ জন শিক্ষার্থী হলে অবস্থান করছে। তিনি বলেন, ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে তার বাসভবনের সামনে সকাল থেকে অবস্থান নেয়। উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু শিক্ষার্থী আমার বাসার সামনে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদের দাবির কোন যৌক্তিক ভিত্তি নেই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করাই এ আন্দোলনের উদ্দেশ্য।" বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার বলেন, "উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা অবরোধ অব্যাহত রাখব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.