রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা ও সঙ্গীত বিভাগের তৃতীয় বর্ষের একটি পরীক্ষা মঙ্গলবার ভণ্ডুল করে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।
ছাত্রলীগের এক কর্মীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়ার দাবি জানিয়ে সংগঠনের ২০/৩০ জন কর্মীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকে শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও পরীক্ষার্থীদের বের করে দেয়।
পরে নাট্যকলা ও সঙ্গীত বিভাগীয় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করে।
নাট্যকলা ও সঙ্গীত বিভাগের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী সাংবাদিকদের জানান, ফরহাদুজ্জামান শিশির নামের এক ছাত্রলীগ কর্মীর ক্লাসে প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় বিভাগীয় কর্তৃপক্ষ তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়নি। কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা পরীক্ষাকক্ষে গিয়ে তার পরীক্ষা নেওয়ার জন্য চাপ দেয়, শিক্ষকদের গালিগালাজ করে এবং অন্য ছাত্রদের খাতাপত্র কেড়ে নেয়।
বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, ক্লাসে শিশিরের উপস্থিতি ৪৯ শতাংশ। সে কারণে তাকে পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি।
শিক্ষক-শিক্ষার্থী জানান, বেলা দেড়টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ২২২ নম্বর কক্ষে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ৩০১ নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ কর্মীরা পরীক্ষার হলে ঢুকে কর্তব্যরত পরিদর্শক ড. ফারুক হোসাইন, অমিতাভ চ্যাটার্জী ও আতাউর রহমানকে চাপ দেয় যেন শিশিরকে পরীক্ষার খাতা দেওয়া হয়। তা না হলে তারা পরীক্ষা বানচালের হুমকি দেয়।
কিন্তু তার কথায় রাজি না হয়ে পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে তারা ওই তিন শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করে এবং পরীক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দেয়।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী সুস্মিন আফসানা বলেন, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৬০ শতাংশ উপস্থিতি না থাকায় বিভাগ তাকে (শিশির) অনুমতি দেয়নি।
বিভাগীয় সভাপতি অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিভাগের অ্যাকাডেমিক কমিটির জরুরি সভায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ছাত্রলীগের রাবি শাখা সভাপতি ইব্রাহীম হোসেন মুন বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। পরীক্ষার হলে যারা গেছে তারা ছাত্রলীগের 'কমিটি'র কেউ নয়। তবে তারা ছাত্রলীগ কর্মী বলে তিনি স্বীকার করেন।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24