২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউট থেকে অনুষদে রূপান্তরিত হওয়ার পর এবারই প্রথম 'চ' ইউনিটের অধীনে চারুকলার পরীক্ষা হচ্ছে। অনুষদের ডিন অধ্যাপক মোঃ রফিকুন নবী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুষদে রূপান্তরিত হলেও চারুকলার ভর্তি পরীক্ষায় পদ্ধতিগত কোনো পরিবর্তন আনা হয়নি।" ভর্তি পরীক্ষার প্রস্তুতিও শেষ পর্যায়ে বলে জানান তিনি। চারুকলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ডিসেম্বর সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে ১০০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। ১০০ নম্বরের সাধারণ জ্ঞান পরীক্ষা দুপুর ১২টা থেকে ১ পর্যন্ত। এবার চারুকলা অনুষদে ১১৩টি আসনের বিপরীতে ১,৫২৪ টি আবেদন জমা পড়েছে। তবে আসন সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান অধ্যাপক মোঃ রফিকুন নবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৩০ ঘ.