রাজশাহী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীর ছয়টি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।
ভর্তির আবেদনপত্র বিতরণ ও জমাদান ওই দিন শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ১ ও ২ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা ভর্তি কমিটির সভায় কয়েকদিন আগে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংাবাদিকদের জানান জেলা শিক্ষা কর্মকর্তা সাধন কুমার মজুমদার।
তিনি বলেন, নগরীর শিরইল সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি মাদ্রাসা হাই স্কুল থেকে ভর্তির আবেদনপত্র নিয়ে ওখানেই জমা দিতে হবে। প্রতিটি আবেদনপত্রের দাম রাখা হয়েছে ১০০ টাকা।
সাধন কুমার মজুমদার বলেন, আগামী ১ জানুয়ারি প্রথম ও তৃতীয় এবং ২ জানুয়ারি ষষ্ঠ ও নবম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে তিনি জানান।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব নূরজাহান বেগম জানান, এবার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে তৃতীয় শ্রেণীতে ১০০, ষষ্ঠ ও নবম শ্রেণীতে ২০ জন করে ৪০ জন, কলেজিয়েট স্কুলে তৃতীয় শ্রেণীতে ১৮০ জন, শিরইল সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ৪৫ জন, ষষ্ঠ শ্রেণীতে ৯০ জন ও নবম শ্রেণীতে ২৫ জন, সরকারি মাদ্রাসা উচ্চবিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ৪০ জন, তৃতীয় শ্রেণীতে ৪০ জন, ষষ্ঠ শ্রেণীতে ২০ জন ও নবম শ্রেণীতে ১৫ জন ভর্তি করা হবে।
সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ৯০ জন, ষষ্ঠ শ্রেণীতে ৩০ জন ও নবম শ্রেণীতে ২০ জন এবং রাজশাহী হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ১৬৫ জন ও নবম শ্রেণীতে ২০ জনকে ভর্তি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24